রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ফেসবুকে স্বীকারোক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রাজিব চন্দ্র দাস নামে এক যুবককে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
রোববার (১ নভেম্বর) রাত ১১টার পর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাজিবের বর্তমান ঠিকানা উত্তরার ৯ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৫৫ নম্বর বাড়ি। তাঁর স্থায়ী ঠিকানা শরীয়তপুরের তুলাসার এলাকার ৪ নম্বর ওয়ার্ডে।
জানা গেছে, রোববার মিরপুর-১১ নম্বর এলাকায় মেট্রোরেলের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব চন্দ্র দাস। ওই পোস্টের সূত্র ধরে তাঁকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, শনিবার রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ হয়। সকাল থেকে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
বেলা সোয়া ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়ে দুপুর পৌনে ১২টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে শ্রমিকরা আবার সংগঠিত হয়ে বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম