নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর দুমকিতে যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম ও হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি মো. শাকিল ফকিরকে (৩০) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বুধবার (৪ নভেম্বর) ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ৮ ও ২-এর যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার শাকিল ফকির পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া এলাকার রফিক ফকিরের ছেলে। তিনি পটুয়াখালী সদর থানায় দায়ের করা যৌতুক নির্যাতন ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে শাকিলের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। সম্প্রতি ব্যবসার জন্য স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন শাকিল। টাকা দিতে রাজি না হওয়ায় শাকিলসহ অন্য অভিযুক্তরা ওই নারীর বাবার বাড়িতে গিয়ে হামলা চালান।
এ সময় বঁটি দিয়ে কুপিয়ে গৃহবধূর হাত-পা গুরুতর জখম করা হয়। এতে তাঁর পায়ের রগ কেটে যায় এবং একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা করেন।
এসআরবি-৮ বরিশালের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাথী আক্তার জানান, গ্রেপ্তার শাকিল ফকিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম