বরিশালের মুলাদীতে চারতলা ভবন থেকে পড়ে সিয়াম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মুলাদী থানা থেকে প্রায় ৫০ গজ দূরে হাজী টাওয়ার নামের একটি ভবনে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম মুলাদী সদর ইউনিয়নের খালাসিরচর গ্রামের তসলিম হাওলাদারের ছেলে।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে সিয়াম সিঁড়ি দিয়ে হাজী টাওয়ারের ছাদে ওঠেন। সেখানে প্রায় ১০ মিনিট অবস্থানের পর বিকেল ৩টা ৪২ মিনিটে ছাদ থেকে নিচে ঝাঁপ দেন। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা তসলিম হাওলাদার জানান, মুলাদীতে কাজ আছে বলে দুপুরে বাড়ি থেকে বের হয়েছিলেন সিয়াম। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তিনি জানেন না।
ভবনটির মালিক ওমর ফারুক বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ওই যুবক নিজেই ভবনের ছাদে উঠে নিচে ঝাঁপ দিয়েছেন। তবে কেন তিনি তাদের ভবন থেকেই এমন ঘটনা ঘটালেন, তা নিশ্চিত নন।
মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম সোহেল রানা বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সিয়াম নিজেই ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। ছাদ থেকে কয়েকবার ঝাঁপ দেওয়ার চেষ্টা করে আবার ফিরে যান। শেষ পর্যন্ত ঝাঁপ দিয়ে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম