মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতির চুরি হওয়া সরঞ্জামসহ আটক এক লাইনম্যানকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার টঙ্গীবাড়ী বাজারসংলগ্ন কাঁচামালের আড়তের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত লাইনম্যানের নাম মো. শাহারিয়া। তিনি পল্লী বিদ্যুৎ সমিতির টঙ্গীবাড়ী জোনাল অফিসে কর্মরত।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় পল্লী বিদ্যুতের চুরি হওয়া বৈদ্যুতিক সরঞ্জামসহ শাহারিয়াকে আটক করেন টঙ্গীবাড়ী থানার দুই পুলিশ সদস্য। পরে পথচারীরা তাকে চুরির মালামালসহ দড়ি দিয়ে হাত বাঁধা অবস্থায় দেখতে পান।
তবে মঙ্গলবার (৩ নভেম্বর) থানা পুলিশ জানায়, পল্লী বিদ্যুতের কিছু সরঞ্জাম চুরির সন্দেহে তাকে আটক করা হয়েছিল। পরে পল্লী বিদ্যুৎ অফিস থেকে জানানো হয়, অফিসের লোকই অফিসের মালামাল নিয়েছেন। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির টঙ্গীবাড়ী জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, শাহারিয়া নামের একজন লাইনম্যান কিছু সরঞ্জাম নিয়ে যাচ্ছিলেন। তবে কী উদ্দেশ্যে তিনি সেগুলো নিয়ে যাচ্ছিলেন, তা জানা যায়নি।
মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শেখ মানোয়ার মোরশেদ জানান, শাহারিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দাপ্তরিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছিল। পরে পল্লী বিদ্যুতের একজন প্রকৌশলী এসে তাকে নিজেদের লোক পরিচয় দিয়ে ছাড়িয়ে নেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম