নাটোরের বাগাতিপাড়ায় টিনের চালা কেটে একটি সুপারশপে চুরির ঘটনা ঘটেছে। এ সময় দোকান থেকে ৫০ থেকে ৬০ হাজার টাকা নগদ এবং প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী।
বুধবার (৪ নভেম্বর) দিনগত রাতে উপজেলার যোগীপাড়া মোড় বাজারের বন্ধু সুপারশপে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী আবিদুল হক আসিফ জানান, বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে টিনের চালা কাটা এবং ভেতরে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে দোকানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চুরির বিষয়টি নিশ্চিত হন। ফুটেজে দুর্বৃত্তদের দোকানে প্রবেশ করে নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যেতে দেখা যায়।
তিনি আরও জানান, চোরেরা দোকান থেকে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা নগদ এবং ৩ থেকে ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম