কক্সবাজারের উখিয়ায় গুরুত্বপূর্ণ আরাকান সড়কের কুতুপালং, কোটবাজার, মরিচ্যা, বালুখালী ও থাইংখালী এলাকায় সড়ক দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট ও পার্কিং। এতে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়ছেন যাত্রী, শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও সাধারণ পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র সড়কের জায়গা দখল করে দোকান বসানো ও যানবাহন পার্কিংয়ের নামে নিয়মিত টাকা আদায় করছে। প্রতিটি দোকান থেকে দৈনিক ২৫০ থেকে ৪০০ টাকা এবং যানবাহন পার্কিংয়ের বিপরীতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, কুতুপালং বাজারের দুই পাশে সারিবদ্ধভাবে দোকান ও সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে রাখায় সড়ক সংকুচিত হয়ে পড়েছে। ফলে স্বাভাবিক সময়ে কয়েক মিনিটের পথ পাড়ি দিতেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, অবৈধ দখল ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ না থাকায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। দ্রুত সড়ক দখলমুক্ত করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তাঁরা।
শাহপরী হাইওয়ে পুলিশের এসআই ফজলুল হক জানান, যানজট নিরসনে বাজার সমিতি, ইজারাদার ও সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতায় শিগগিরই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও পার্কিং উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। অবৈধভাবে সড়ক দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের প্রত্যাশা, আশ্বাস নয়- দ্রুত কার্যকর উচ্ছেদ অভিযান ও স্থায়ী সমাধানের মাধ্যমে উখিয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলো জনসাধারণের চলাচলের উপযোগী করা হবে।