বাংলাদেশের মাটিতে সব অন্যায়-অবিচারের বিচার করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (৬ নভেম্বর) ঢাকা আইনজীবী সমিতির আয়োজনে নবীন আইনজীবীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূইয়া।
আইনমন্ত্রী বলেন, বিগত ১৬ বছরের বেশি সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সাড়ে চার হাজারের বেশি সহযোদ্ধাকে হারাতে হয়েছে। তাদের অনেককে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। এ ছাড়া সাত শতাধিক সহযোদ্ধাকে গুম করা হয়েছে। দেশে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার করতে চায় সরকার।
তিনি বলেন, যারা নিখোঁজ হয়েছেন, তাদের স্বজনরা এখনো প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় আছেন। নামাজে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, কখন তাদের স্বজন ফিরে আসবেন। এ ছাড়া ৬০ লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হয়েছিল। যাদের অনেকেই মামলার ঘটনার ২০ বছর আগেই মারা গেছেন।
মন্ত্রী বলেন, জনগণের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাংলাদেশের মাটিতে সব অন্যায়-অবিচারের বিচার করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।
আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, সরকার সেই লক্ষ্য সামনে রেখে এগিয়ে যাচ্ছে। একটি সোনার বাংলাদেশ গড়ার ভিত্তি তৈরি করে যেতে চায় সরকার, যেখানে আইনের শাসনের পথ আরও সুগম হবে।
আইনজীবীদের কর্মসংস্থানের বিষয়ে মো. আসাদুজ্জামান বলেন, আইনজীবীদের জন্য সম্পূরক কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় সরকার। এ বিষয়ে দুই সপ্তাহ আগে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি। বর্তমানে প্রতিটি কোম্পানিতে হিসাব নিরীক্ষার জন্য বাধ্যতামূলক অডিটর নিয়োগের বিধান রয়েছে। একইভাবে প্রতিটি কোম্পানিতে একজন করে বাধ্যতামূলক আইনজীবী রাখার প্রস্তাব দিয়েছেন তিনি।
এ জন্য কোম্পানি আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়ার কথাও জানান মন্ত্রী। তবে আইনজীবীদের নিজেদের জ্ঞান, মেধা, প্রজ্ঞা ও দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
আইনমন্ত্রী আরও বলেন, আইনজীবী পেশাকে এগিয়ে নিতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব আইনজীবী প্রশিক্ষণের সুযোগ পান না, তাদেরসহ দেশের প্রায় ৮০ হাজার আইনজীবীর প্রশিক্ষণের জন্য চলতি বছরে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে।
তিনি বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দেশের সব আইনজীবীকে প্রশিক্ষণের আওতায় আনার লক্ষ্য রয়েছে সরকারের।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম