দীর্ঘ ২৩ বছর পর লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির পদে পরিবর্তন এসেছে। নতুন আমির নির্বাচিত হয়েছেন এ আর হাফিজ উল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত’ মন্তব্য করে আলোচনায় এসেছিলেন তিনি।
গত বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির বিষয়টি জানায় দলটি। এতে আগামী দুই বছরের জন্য এ আর হাফিজ উল্লাহকে জেলা আমিরের দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। এর আগে তিনি লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি নির্বাচনি এলাকায় গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন এ আর হাফিজ উল্লাহ। ওই বক্তব্যে তিনি বলেন, ইসলামের পক্ষে, পবিত্র কোরআনের পক্ষে এবং দাঁড়িপাল্লায় ভোট দিলে ভোটাররা সওয়াবের ভাগী হবেন এবং তাদের জন্য জান্নাত অবধারিত। অন্যদিকে, পবিত্র কোরআনের বিরুদ্ধে ভোট দিলে গুনাহগার হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নির্বাচনে ধর্মীয় অনুভূতি ব্যবহারের অভিযোগে বিভিন্ন মহলে সমালোচনা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সে সময় এ আর হাফিজ উল্লাহ বলেছিলেন, ‘এমন কোনো বক্তব্য আমি দিয়েছি কি না, তা আমার মনে নেই। তবে ভুল করে মুখ ফসকে এমন কিছু বলে থাকতে পারি। আবার অনেক সময় আমার বক্তব্য খণ্ডিতভাবেও উপস্থাপন করা হয়।’
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে বৃহস্পতিবার এ আর হাফিজ উল্লাহ বলেন, দলের পক্ষ থেকে তাকে জেলা আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে। নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এ দায়িত্ব পালনের চেষ্টা করবেন। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল এবং সংগঠনকে শক্তিশালী করতে কাজ করবেন বলেও জানান তিনি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম