নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরে যুব মহিলা লীগের এক হিন্দু নেত্রীকে বাসায় ঢুকে নির্যাতনের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রচারিত ছবিটিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে শনাক্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে দাবি করা হয়, মিরপুর থানা যুব মহিলা লীগের নেত্রী শ্রীময়ী রীতা রানী হিন্দু ধর্মাবলম্বী ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ায় তাকে নির্যাতন করা হয়েছে। পোস্টে আরও অভিযোগ করা হয়, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের অনুসারী ফিরোজ নামের এক ব্যক্তি তার বাসায় ঢুকে তাকে মারধর করেন। এ ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে ওসি তাকে বোরকা পরার পরামর্শ দেন বলেও দাবি করা হয়।
তবে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করে এ ঘটনার পক্ষে কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, মিরপুর বিভাগের আওতাধীন সাতটি থানায় এ ধরনের কোনো অভিযোগ বা মামলা দায়েরের তথ্য নেই। শ্রীময়ী রীতা রানী নামে কোনো নারী এ বিষয়ে অভিযোগ জানাতে থানায় গেছেন—এমন তথ্যও পাওয়া যায়নি।
এ ছাড়া প্রচারিত ছবিটি যাচাই করে তাতে ওপেনএআইয়ের সিন্থআইডি ওয়াটারমার্ক পাওয়া গেছে। এই ওয়াটারমার্কের মাধ্যমে এআই দিয়ে তৈরি ছবি শনাক্ত করা যায়।
মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানিয়েছেন, তার বিভাগের অধীন কোনো থানা এলাকায় এমন ঘটনা ঘটেনি। পোস্টে উল্লেখ করা নারী বা তার পক্ষে কেউ এ বিষয়ে মামলা কিংবা অভিযোগ করতে কোনো থানায় আসেননি।
অতএব, মিরপুরে যুব মহিলা লীগ নেত্রীকে নির্যাতনের প্রচারিত দাবিটি ভুয়া এবং এর সঙ্গে ছড়িয়ে পড়া ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম