জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সামান্তা শারমিনের রাজনৈতিক পথচলা এখনো অনেক বাকি বলে মন্তব্য করেছেন দলটির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। তিনি বলেন, এমন মানুষের জায়গা বাংলাদেশের রাজনীতিতে আরও বড় হওয়া দরকার।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তাসনিম জারা।
পোস্টে তাসনিম জারা বলেন, রাজনীতিতে কথা বলতে আসা মানুষের অভাব নেই, কিন্তু মানুষের কথা শুনতে আসা মানুষের সংখ্যা খুব কম। সামান্তা শারমিন সেই অল্পসংখ্যক মানুষের একজন।
তিনি আরও বলেন, সামান্তা শারমিনকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। সামান্তা অক্লান্ত পরিশ্রম করেন। এরপরও কেউ কথা বলতে এলে নিজের কাজ থামিয়ে মনোযোগ দিয়ে পুরো কথা শোনেন। কখনো কাউকে বুঝতে দেন না যে তার তাড়া রয়েছে। মানুষের কাছে যান তাদের জীবন বুঝতে এবং পাশে দাঁড়াতে।
তাসনিম জারা লেখেন, সামান্তা শারমিনের রাজনৈতিক পথচলা এখনো অনেক বাকি। এমন মানুষের জায়গা দেশের রাজনীতিতে আরও বড় হওয়া দরকার।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দেন সামান্তা শারমিন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, প্রায় এক বছর আগে এনসিপির জোট গঠনের প্রশ্নে তিনি ভিন্ন অবস্থান নিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, জামায়াতে ইসলামী নীতিগত বা কৌশলগত কোনো ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য নয় এবং দলটির সঙ্গে জোট করলে এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম