মো.হাসমত উল্লাহ ।। লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ২ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য, ভারতীয় রুপি ও মোবাইল ফোনসহ একজন সন্দেহভাজন চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।
অভিযানকালে আটক ব্যক্তির কাছ থেকে মাদকদ্রব্য, ভারতীয় মুদ্রা (রুপি) ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৮৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য পাচার দেশের অর্থনীতি, সামাজিক নিরাপত্তা এবং যুবসমাজের জন্য উদ্বেগজনক। এসব অপরাধ নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা নিয়মিত টহল, বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি পরিচালনা করছেন। চোরাচালান চক্রের তৎপরতা বন্ধে বিভিন্ন কৌশলে অভিযান অব্যাহত রয়েছে।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে বিজিবি। যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য দিয়ে সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবিকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।