মো. আরফান আলী | ঠাকুরগাঁও
ঠাকূরগাঁওয়ে খুচরা রাসায়নিক সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ঠাকূরগাঁও জেলা কার্য-নির্বাহী পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ঠাকূরগাঁও উপজেলা গেটের পশ্চিম পাশে রয়েল লাউঞ্জ চাইনিজ রেস্টুরেন্টের পঞ্চম তলায় এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ঠাকূরগাঁও জেলা কার্য-নির্বাহী পরিষদের সভাপতি এম কে এ হাবীব সরকার। সংগঠনের সাধারণ সম্পাদক পদটি বর্তমানে শূন্য থাকায় যুগ্ম সম্পাদক মোঃ রাসেল আলী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেণ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোঃ শাহাজাহান কবীর জেম, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সহসভাপতি অখিল চন্দ্র রায়, ভূল্লী উপজেলা শাখার সভাপতি মো. বাহার আলী, রাণীশংকৈল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, রাণীশংকৈল উপজেলার সভাপতি মো. শহিদুল ইসলাম এবং জেলা কার্য নির্বাহী পরিষদের সদস্য মোঃ মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা খুচরা সার বিক্রেতাদের বিভিন্ন সমস্যা, ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণ, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, দেশের কৃষি খাত উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার সরবরাহব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো মান-সম্মত সার পৌঁছে দিতে খুচরা সার বিক্রেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেণ। তাই তাঁদের পেশাগত সমস্যা সমাধান, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সংগঠনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
তাঁরা আরও বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের সার বিক্রেতাদের মধ্যে সমন্বয়, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। সংগঠনের সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো চিহ্নিত করে সম্মিলিতভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে।
সভাপতির বক্তব্যে এম কে এ হাবীব সরকার সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।