মুন্সীগঞ্জের গজারিয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে শেখ নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পদে সাইদ হাসান আফরান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আমজাদ হোসেন নির্বাচিত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গজারিয়া প্রেস ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
নির্বাচনে দৈনিক সংবাদের শেখ নজরুল ইসলাম ২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সহ-সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক কালবেলা ও চ্যানেল এস-এর সাংবাদিক সাইদ হাসান আফরান ২২ ভোট পেয়ে বিজয়ী হন। আর প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক যুগান্তরের আমজাদ হোসেন ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নাছির উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে হৃদয় হোসেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাসুদ আহমেদ পরাজিত হয়েছেন।
অন্যদিকে, সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক মুন্সীগঞ্জের কাগজ-এর সম্পাদক মো. আরফিন।
প্রেস ক্লাবের মোট ৪৫ জন ভোটারের মধ্যে ৩৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন গজারিয়া উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা ওমর ফারুক।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন—সহ-সভাপতি পদে মোয়াজ্জেম হোসেন জুয়েল, আমিরুল ইসলাম নয়ন ও মকবুল হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজিজুল হক পার্থ; সাংগঠনিক সম্পাদক পদে আলমগীর হোসেন মিঞা; অর্থ সম্পাদক পদে শাহদাত হোসেন সায়মন; দপ্তর সম্পাদক পদে আল আমিন এবং মহিলাবিষয়ক সম্পাদক পদে সোনিয়া পারভীন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. মহিউদ্দিন, মো. সাইফুল ইসলাম, শেখ শাহাবুদ্দিন, আ. হান্নান সরকার ও সাগর হোসেন।
নির্বাচনের মধ্য দিয়ে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য গজারিয়া প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম