চট্টগ্রাম নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ ঘটনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ওসির ব্যবহৃত গাড়িও ভাঙচুর করা হয়। ঘটনায় আওয়ামী লীগের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে নগরের বন্দর থানার পোর্ট কানেকটিং রোডের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (৭ নভেম্বর) বন্দর থানার ওসি আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে তালতলা এলাকায় হঠাৎ ঝটিকা মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মিছিলে বাধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। তাদের হাতে লাঠিও ছিল। একপর্যায়ে পুলিশের ওপর হামলা চালানো হয় এবং ওসির ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়। ধস্তাধস্তির সময় কয়েকজন পুলিশ সদস্যের পোশাকও ছিঁড়ে যায়।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ও সেকেন্ড অফিসার মনিরুল আলম খোরশেদ জানান, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে লাঠি নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে ওসিসহ ছয়জন আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বন্দর থানার ওসি আবদুর রহিম বলেন, হামলার পরও পুলিশ মিছিলে অংশগ্রহণকারীদের ধাওয়া করে। এ সময় ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম