২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপা ও সরবরাহে পিছিয়ে রয়েছে ২৪টি ছাপাখানা। এর মধ্যে সুবর্ণা প্রিন্টার্স, গ্লোবাল প্রিন্টিং ইকুইপমেন্ট ও ইন্টারনেট ওয়েভ প্রিন্টার্স এখন পর্যন্ত এক কপিও বই সরবরাহ করতে পারেনি। এ অবস্থায় নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
এবার সুবর্ণা প্রিন্টার্স ৯ লাখ ৯ হাজার ১২৩ কপি, ইন্টারনেট ওয়েভ প্রিন্টার্স ৪ লাখ ৪৩ হাজার ৯৭৩ কপি এবং গ্লোবাল প্রিন্টিং ইকুইপমেন্ট ২ লাখ ৯৭ হাজার ৪০ কপি বই ছাপার কাজ পেয়েছিল। ১১৩টি প্রেসের মধ্যে মোট ২৪টি প্রেস বই ছাপা ও সরবরাহে পিছিয়ে রয়েছে।
নির্ধারিত সময়ে বই সরবরাহ নিশ্চিত করতে এসব প্রেসের কার্যক্রম সার্বক্ষণিক তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চার শীর্ষ কর্মকর্তাকে। পাশাপাশি ২৪টি প্রেসের মালিককে রোববার এনসিটিবিতে ডাকা হয়েছে। সেখানে বই ছাপায় বিলম্বের কারণ জানতে চাওয়া হবে।
এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষের সব বই ৩০ নভেম্বরের মধ্যে মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। গত ৪ নভেম্বর বই ছাপায় পিছিয়ে থাকা প্রেসগুলোর তদারকির জন্য চার কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। তারা নিয়মিত প্রেস পরিদর্শন ও কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি বইয়ের মান নিশ্চিত করবেন।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, পিছিয়ে থাকা ২৪টি প্রেসের মধ্যে অর্ধেকের বেশি বই সরবরাহ করতে পেরেছে মাত্র ছয়টি। অন্যদিকে ১০টি প্রেস তাদের মোট ছাপার কাজের এক-তৃতীয়াংশও সরবরাহ করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বর্ণমালা প্রেস, গ্লোবাল প্রিন্টিং ইকুইপমেন্ট, কচুয়া প্রেস অ্যান্ড পাবলিকেশন্স, লেটার অ্যান্ড কালার, ইন্টারনেট ওয়েভ প্রিন্টার্স, মোল্লা প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন্স, সোহাগ প্রিন্টার্স, পলি প্রিন্টিং প্রেস, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং এবং সুবর্ণা প্রিন্টার্স।
এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌসকে ছয়টি প্রেস তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে অগ্রণী প্রিন্টিং প্রেস এক কোটি ৪ লাখ ৩৯ হাজার ৭০৪ কপি বইয়ের কাজ পেয়ে সরবরাহ করেছে ৫৬ লাখ ১০ হাজার ৬৯০ কপি বা ৫৩ দশমিক ৭৪ শতাংশ। বর্ণমালা প্রেস ১৩ লাখ ৪৫ হাজার ২১৮ কপির মধ্যে ৪ লাখ ২৩ হাজার ৪৫১ কপি বা ২০ দশমিক ৫৮ শতাংশ বই সরবরাহ করেছে। কচুয়া প্রেস অ্যান্ড পাবলিকেশন্স ৪৩ লাখ ১৫ হাজার ১০৬ কপির মধ্যে ১৩ লাখ ২৯ হাজার ৬৩৫ কপি বা ৩১ দশমিক ৫৪ শতাংশ বই সরবরাহ করেছে।
এ ছাড়া কর্ণফুলী আর্ট প্রেস এক কোটি ৩৭ লাখ ৩৩ হাজার ২৫০ কপির মধ্যে ৬৯ লাখ ৯৬ হাজার ৯৮৩ কপি বা ৫০ দশমিক ৯৫ শতাংশ এবং সরকার প্রেস ২৪ লাখ ৬২ হাজার ৯৪ কপির মধ্যে ৯ লাখ ২১ হাজার ৭৮০ কপি বা ৩৭ দশমিক ৪৪ শতাংশ বই সরবরাহ করেছে। কোনো বই সরবরাহ করতে না পারা গ্লোবাল প্রিন্টিং ইকুইপমেন্টও এই কর্মকর্তার তদারকির আওতায় রয়েছে।
এদিকে অগ্রণী প্রিন্টিং প্রেস ও কর্ণফুলী আর্ট প্রেসের মালিক দুই ভাই কাওসারুজ্জামান রুবেল ও হাসানুজ্জামান রবিন। কচুয়া প্রেসের মালিক হুমায়ুন কবির তাদের ভগ্নিপতি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অতীতে এনসিটিবির পাঠ্যবই ছাপার কাজে তাদের প্রভাব ছিল। এবারও কচুয়া প্রেসের বিরুদ্ধে নিম্নমানের বই ছাপার অভিযোগ রয়েছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটির লক্ষাধিক ফর্মা নষ্ট করা হয়েছে। বইয়ের দরপত্র ফাঁসের অভিযোগেও তাদের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে।
এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকুকে আমিন আর্ট প্রেস, বর্ণালী অফসেট প্রিন্টার্স, ব্রাইট প্রিন্টিং প্রেস লিমিটেড, লেটার অ্যান্ড কালার, মেসার্স রেজা প্রিন্টার্স ও প্রমা প্রেস অ্যান্ড পাবলিকেশন্স লিমিটেডের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে এনসিটিবির সদস্য (অর্থ) আজীজ হায়দার ভূঁইয়াকে অনুপম প্রিন্টার্স, বলাকা প্রেস অ্যান্ড পাবলিকেশন্স, মোল্লা প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন্স, নুরুল ইসলাম প্রিন্টিং প্রেস, সোহাগ প্রিন্টার্স ও ইন্টারনেট ওয়েভ প্রিন্টার্সের দায়িত্ব দেওয়া হয়েছে।
এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক ড. এ কে এম শওকত আলী খানকে পলি প্রিন্টিং প্রেস, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং, সীমান্ত প্রেস অ্যান্ড পাবলিকেশন্স, সাগরিকা প্রিন্টার্স ও সুবর্ণা প্রিন্টার্সসহ আরও একটি প্রেসের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
এনসিটিবির তথ্যমতে, আমিন আর্ট প্রেস ৬৩ লাখ ১২ হাজার ৯০০ কপি বইয়ের মধ্যে ৬৭ দশমিক ৭৭ শতাংশ, বর্ণালী অফসেট প্রিন্টার্স ১৫ লাখ ৫০ হাজার ৪৭৬ কপির মধ্যে ৬৮ দশমিক ৮৮ শতাংশ, ব্রাইট প্রিন্টিং প্রেস ৩৯ লাখ ৯৫ হাজার ৭১৫ কপির মধ্যে ৪৯ দশমিক ৬৪ শতাংশ, লেটার অ্যান্ড কালার ৬৬ লাখ ৩৪ হাজার ৩০৩ কপির মধ্যে ২৮ দশমিক ৪৯ শতাংশ এবং মেসার্স রেজা প্রিন্টার্স ৩৬ লাখ ৫৯ হাজার ২৪৯ কপির মধ্যে ৪২ দশমিক ৩৩ শতাংশ বই সরবরাহ করেছে।
অন্যদিকে, অনুপম প্রিন্টার্স ৩৮ দশমিক ৫০ শতাংশ, বলাকা প্রেস অ্যান্ড পাবলিকেশন্স ৩৬ দশমিক ০৩ শতাংশ, মোল্লা প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন্স ৩৩ দশমিক ৯০ শতাংশ, নুরুল ইসলাম প্রিন্টিং প্রেস ৬৯ দশমিক ২৯ শতাংশ এবং সোহাগ প্রিন্টার্স ২৬ দশমিক ৬৪ শতাংশ বই সরবরাহ করেছে।
এদিকে, প্রাথমিকের বই ছাপার কাজ শেষের দিকে থাকলেও মাধ্যমিকের বই ছাপায় অগ্রগতি তুলনামূলক কম। এনসিটিবির সঙ্গে চুক্তি অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বরের মধ্যে সব বই ছাপা শেষে সরবরাহ করার কথা প্রেস মালিকদের।
এনসিটিবির তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত প্রাক-প্রাথমিকের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি বইয়ের মধ্যে ৫৫ লাখ ৩০ হাজার ২৪০ কপি বা ৯৬ দশমিক ৫০ শতাংশ সরবরাহ করা হয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রাথমিকের বইয়ের ৯৬ দশমিক ২৮ শতাংশ এবং ইবতেদায়ির বইয়ের ৭৯ দশমিক ৩৩ শতাংশ মাঠপর্যায়ে পৌঁছেছে।
তবে মাধ্যমিকের বই সরবরাহের হার মাত্র ৫৬ দশমিক ১২ শতাংশ। মাধ্যমিকের ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বইয়ের মধ্যে সরবরাহ করা হয়েছে ১০ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৫৯৬ কপি। ফলে এখনো প্রায় ৭ কোটি ১৯ লাখ কপি বই সরবরাহ বাকি রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাধ্যমিকের নবম ও দশম শ্রেণির বই ছাপার কাজ সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে। অনেক প্রেস এখনো এসব শ্রেণির বই ছাপার কাজ শুরু করেনি। প্রাথমিকের বইয়ে ফর্মার সংখ্যা কম থাকায় দ্রুত ছাপা সম্ভব হলেও মাধ্যমিকের বইয়ে ফর্মা বেশি থাকায় সময় লাগছে।
মুদ্রণ শিল্প সমিতির উপদেষ্টা তোফায়েল খান বলেন, প্রাথমিকের বইয়ে ফর্মা কম থাকায় দ্রুত ছাপার কাজ শেষ হয়। কিন্তু মাধ্যমিকের বইয়ে ফর্মা বেশি থাকায় সময় লাগে। বর্তমান অগ্রগতি অনুযায়ী নির্ধারিত সময়ে বই পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। তবে এনসিটিবি আন্তরিকভাবে চেষ্টা করলে সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব। মাঠপর্যায়ে যে পরিমাণ বই পৌঁছানোর কথা বলা হচ্ছে, প্রকৃতপক্ষে সেই পরিমাণ বই পৌঁছেছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
সার্বিক বিষয়ে এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু বলেন, এসব প্রেসের ছাপার কাজে যাতে কোনো গাফিলতি না হয়, তা কর্মকর্তারা নিশ্চিত করবেন। এটি তাদের নিয়মিত কাজের অংশ। অনেক প্রেসের ছাপার অগ্রগতি ভালো হচ্ছে। আশা করছি, ৩০ নভেম্বরের মধ্যে ছাপার কাজ শেষ হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম