ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সেস ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (IASDSAA) পুনর্মিলনী ও দিনব্যাপী আনন্দঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জিএম মুজাহিদুল কাইয়ুম ফিরোজকে সভাপতি এবং ড. মোহাম্মদ আজাদ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।
শুক্রবার (৬ নভেম্বর) ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটি গঠন করা হয়। ফিরোজ ইনস্টিটিউটের প্রথম ব্যাচের এবং আজাদ উদ্দিন অষ্টম ব্যাচের শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. সেকান্দার হায়াত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং পূবালী ব্যাংকের প্রতিনিধি সুলতানা সরিফুন নাহার।
স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. ইশরাত রায়হান। এ ছাড়া উপস্থিত ছিলেন ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সেস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. জাহিদা গুলশান এবং অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ড. মো. আজাদ উদ্দিনসহ ইনস্টিটিউটের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়, মেন্টরশিপ, বৃত্তি, গবেষণা, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অ্যালামনাইদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
পুনর্মিলনীতে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর সহপাঠী, শিক্ষক ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলায় অনুষ্ঠানটি প্রাণবন্ত উৎসবে পরিণত হয়। স্মৃতিচারণ, পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে দিনটি সবার জন্য বিশেষ হয়ে ওঠে। দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে।
নতুন কমিটির নেতৃত্বে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে বলেও প্রত্যাশা তাদের।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম