ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার আশা ছেড়ে ‘দিবাস্বপ্ন দেখা বাদ’ দিতে দলটির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেছেন, ‘এ জীবনে হাসিনা আর কোনো দিন ফিরবেন না।’
রোববার (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলের সখীপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, ‘হাসিনা বলেছিলেন, শেখের মেয়ে পালায় না। অথচ বাংলাদেশের রাজনীতিতে একজনই পালিয়েছেন, তিনি শেখের মেয়ে হাসিনা। এখন আবার শুনি ডিসেম্বরে আসবেন, তার নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি তাদের বলব, দিবাস্বপ্ন দেখা বাদ দেন। আপনাদের বিপদে ফেলার জন্য হাসিনা মাঝে মাঝে এ ধরনের কথা বলে থাকেন। এটাই তার চরিত্র। এ জীবনে হাসিনা আর কোনো দিন ফিরবেন না।’
তিনি আরও বলেন, ‘আমরা তো চাই হাসিনা ফিরুক। তিনি এখন ফাঁসির আসামি। হাসিনা ফিরে আদালতে যাক, কারাগারে যাক। অসংখ্য গণহত্যা করেছেন তিনি। ফাঁসির দড়ি তার গলায় ঝুলবে।’
এ সময় বন বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, সখীপুরের মানুষকে যেন হয়রানি করা না হয়। বেআইনি আটিয়া বন অধ্যাদেশ বিলুপ্ত করার বিষয়ে তিনি জাতীয় সংসদে দুইবার কথা বলেছেন। সুযোগ পেলে আবারও এ বিষয়ে কথা বলবেন। এ ছাড়া বনমন্ত্রীর সঙ্গেও একাধিকবার আলোচনা করেছেন বলে জানান তিনি।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ ছবুর রেজাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম