পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সঠিক সময়ে সঠিক পরিকল্পনা নিতে না পারায় শ্রমিক আন্দোলন বড় আকার ধারণ করেছে। এ আন্দোলনে ‘ফ্যাসিস্টদের’ অনুপ্রবেশ ঘটে থাকলে এর সম্পূর্ণ দায় সরকারকেই নিতে হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দলীয় কর্মিসভা ও সুধী সমাবেশে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গত দুই সপ্তাহ ধরেই পোশাক খাতে মজুরি বৃদ্ধির আন্দোলনের সম্ভাবনা দেখা যাচ্ছিল। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সরকারের আগেভাগেই মজুরি পুনর্নির্ধারণ করা উচিত ছিল।
কোনো ন্যায্য আন্দোলনকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে দায় এড়ানোর সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, আন্দোলনে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ করে নৈরাজ্য সৃষ্টি করে থাকলে তা গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা। গোয়েন্দা সংস্থাগুলো বিরোধী দলের নেতাকর্মীদের কর্মকাণ্ড নজরদারিতে ব্যস্ত থাকলেও দেশের শত্রুরা কী করছে, সে বিষয়ে তাদের খোঁজ নেই।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বিএনপির আশ্রয়-প্রশ্রয়ে রয়েছে। বিএনপি তাদের রাজনৈতিক পরিসর দেওয়ায় আওয়ামী লীগ সুযোগ নিয়ে থাকলে এর দায়ও বিএনপিকে নিতে হবে।
গত আট মাসে সরকার পরিচালনায় বিএনপি পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আন্দোলন মোকাবিলায় সরকারের দক্ষতা নেই দাবি করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে কীভাবে সমঝোতার মাধ্যমে আন্দোলন নিরসন করা হয়েছে, তা সবাই দেখেছে। সরকারের ওপর জনগণের আস্থা না থাকায় আন্দোলন থামছে না।
রাজনৈতিক কৌশল প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, ১১ দলীয় জোট সংসদীয় জোট হিসেবে থাকলেও আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি স্বতন্ত্র ও এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ লক্ষ্যে সারা দেশে আঞ্চলিক সমাবেশের মাধ্যমে দলকে প্রস্তুত করা হচ্ছে।
আসন্ন ডিসেম্বর মাস নিয়ে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, ‘ডিসেম্বর নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে অপপ্রচার, তা রাজপথে প্রতিহত করা হবে। ১৯৭১ সালের মতো ডিসেম্বর সবসময় জনগণেরই থাকবে।’
ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়া প্রসঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকারের ‘নতজানু’ পররাষ্ট্রনীতির কারণে নতুন চুক্তি তো দূরের কথা, মেয়াদ নবায়নও করা যাচ্ছে না। উল্টো ভারতকে কীভাবে করিডোর দেওয়া যায়, তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।
দেশের অর্থনীতি ও দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, শ্রমিক অসন্তোষ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন যখন অতিষ্ঠ, তখন হঠাৎ করে এলপিজি গ্যাসের দাম ২০০ টাকা বাড়ানো হয়েছে। এতে খুচরা বাজারে দাম তিন হাজার টাকা ছাড়িয়ে যাবে। সরকারের এমন গণবিরোধী নীতিতে আগামীতে দেশ পরিচালনা নিয়ে জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মুস্তাফিজ, জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম
নিউজের বিভাগ: জাতীয়