দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্ট করতে অতীতের মতো এখনো গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে যেকোনো ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র কঠোর হাতে দমন করা হবে।
রোববার (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নরসিংদী জেলা ছাত্রদল আয়োজিত কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, দর্শন ও কর্মের ওপর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
খায়রুল কবির খোকন বলেন, ‘জিয়াউর রহমান বীরউত্তম শুধু একাত্তরের মহান স্বাধীনতার ঘোষণাই দেননি, তিনি নিজে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। যুদ্ধ শেষে তিনি লোভ-লালসার ঊর্ধ্বে উঠে আবার ব্যারাকে ফিরে গিয়েছিলেন। পরবর্তীতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে এ দেশের মানুষ তাকে আবার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসিয়েছিল। কারণ তার নেতৃত্ব ছাড়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অস্তিত্ব রক্ষা করা সম্ভব ছিল না।’
তিনি আরও বলেন, ১৯৭৫ সাল পর্যন্ত তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশের বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল কায়েম করেছিল। মাত্র ১৩ মিনিটের ব্যবধানে সংসদীয় গণতন্ত্রের কবর রচনা করে মানুষের মতপ্রকাশ ও বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল।
খোকন অভিযোগ করেন, ওই সময়ে দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ মারা গেছেন এবং রক্ষীবাহিনীর মাধ্যমে দেশকে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছিল। এ ছাড়া সরকারি চারটি পত্রিকা ছাড়া অন্য সব সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম