ওয়াজ মাহফিলে সংসদ সদস্য ও ইসলামিক বক্তা আমির হামজাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। ২০২০ সালের ৩ মার্চ খুলনার রূপসায় ঘটে যাওয়া একটি পুরোনো ঘটনার ভিডিওকে সাম্প্রতিক দাবি করে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে মো. সাব্বির শেখ ট্রুথফুল নামে একটি ফেসবুক পেজে ২০২০ সালের ৪ মার্চ প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। ওই পোস্টের ভিডিওর দৃশ্যের সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওর মিল রয়েছে।
পোস্টে দাবি করা হয়, আগের দিন খুলনার রূপসায় মুফতি আমির হামজার দিনের বেলার একটি মাহফিলে আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বের কারণে বাধা দেওয়া হয়। একপর্যায়ে সাধারণ মানুষ মঞ্চ লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন। পরে জনতার প্রতিবাদের মুখে আবার মাহফিলের অনুমতি দেওয়া হলেও তা স্থায়ী হয়নি বলে পোস্টে উল্লেখ করা হয়।
একই ঘটনার ভিডিও আদ্বীন টিভি নামের একটি ফেসবুক পেজ থেকেও ২০২০ সালের ৪ মার্চ প্রকাশ করা হয়েছিল।
এ ছাড়া প্রাসঙ্গিক বিভিন্ন কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করেও সাম্প্রতিক সময়ে সংসদ সদস্য ও ইসলামিক বক্তা আমির হামজার মাহফিলে তাঁকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের কোনো তথ্য গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
অতএব, আমির হামজাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক ঘটনার নয়; এটি ২০২০ সালের পুরোনো ঘটনার ভিডিও।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম