সম্প্রতি বাংলাদেশের যশোর জেলার কালীর বাজারে শ্যামাপূজার মণ্ডপ জঙ্গিরা জ্বালিয়ে দিয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয়; ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার যশোড়াকালি বাজারে কালীপূজার একটি মণ্ডপে অগ্নিকাণ্ডের দৃশ্য এটি।
অনুসন্ধানে ‘শিলিগুড়ি হাইলাইটস’ নামের একটি ফেসবুক পেজে গত রোববার (৮ নভেম্বর) প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির মিল রয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়, গত ৭ নভেম্বর বিকেলে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় কালীপূজার একটি মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পূজার উদ্বোধনের এক দিন আগে কালীবাজার ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মণ্ডপটিতে আগুন লাগে। খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে উদ্বোধনের আগেই মণ্ডপটি সম্পূর্ণ পুড়ে যায়।
এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-এর ওয়েবসাইটে গত ৭ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনেও একই ঘটনার তথ্য পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার যশোড়াকালি বাজারে কালীপূজার মণ্ডপে আগুন লাগে। উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে আগুনে মণ্ডপটি পুড়ে ছাই হয়ে যায়। দমকলের প্রাথমিক তদন্তে শর্টসার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা করা হয়।
অন্যদিকে, যশোরের কালীর বাজার এলাকায় কালীপূজার মণ্ডপে আগুন দেওয়ার বিষয়ে সম্প্রতি কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, বাংলাদেশের যশোরে জঙ্গিদের কালীপূজার মণ্ডপ জ্বালিয়ে দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি বিভ্রান্তিকর। ভিডিওটি ভারতের পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম