সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে আইনজীবীর মাধ্যমে এ আবেদন করেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) পাঠানো এ-সংক্রান্ত একটি চিঠি পর্যালোচনা করে রয়টার্স এ তথ্য প্রকাশ করে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের এমন খবর এই প্রথম সামনে এলো।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি শেখ হাসিনার অন্যতম স্পষ্ট পদক্ষেপ।
তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ভারত-বাংলাদেশ বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। তার ভাষ্য, তিনি একজন পলাতক আসামি। তাকে দেশে ফিরিয়ে আনতে পাসপোর্ট নয়, দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হস্তান্তরের উদ্যোগ নেওয়া হবে।
এর আগে গত ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে বাংলাদেশে ফিরতে চান তিনি।
এদিকে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, দেশে ফেরার আগে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান তারা। রয়টার্সকে দলটির নেতারা বলেছেন, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর শেখ হাসিনার প্রত্যাবর্তনের তারিখ নির্ধারণ করা হবে।
বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। দলটির জ্যেষ্ঠ নেতাদের বড় একটি অংশ শেখ হাসিনার মতো ভারতে অবস্থান করছেন। কেউ কেউ অন্য দেশে আত্মগোপনে রয়েছেন, আবার অনেকে কারাগারে আছেন।
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়েছেন।
লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিতে উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এ অবস্থায় তার নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানান তারা।
এ ছাড়া আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতার আলোকে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন আইনজীবীরা।
এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। অন্যদিকে তার প্রত্যাবর্তন ভারত ও বাংলাদেশের মধ্যকার টানাপোড়েন কমাতেও ভূমিকা রাখতে পারে। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটেছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম