দুই সন্তানকে বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন বাবা মোহাম্মদ কবীর। ধারদেনা করে চালিয়েছেন চিকিৎসার খরচ, নিয়েছেন সহকর্মীদের সহায়তাও। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে মাত্র দুই দিনের ব্যবধানে মারা গেছে তার দুই ছেলে। ডেঙ্গু, হামের উপসর্গ ও নিউমোনিয়ার জটিলতায় তাদের মৃত্যু হয়েছে। শুক্রবার বড় ছেলে এবং রোববার রাতে মারা যায় ১০ মাস বয়সী ছোট সন্তান। দুই সন্তানকে হারিয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন এই বাবা।
রোববার (৮ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কবীরের ছোট ছেলে মোহাম্মদ আবু বক্কর আরব। ১০ মাস বয়সী শিশুটি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পাশাপাশি হামের উপসর্গ ও নিউমোনিয়ার জটিলতায় ভুগছিল।
এর মাত্র দুই দিন আগে, শুক্রবার (৬ নভেম্বর) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কবীরের নয় বছর বয়সী বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাত। হামের উপসর্গ, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আইসিইউতে ছিল সে। ওই দিন নগরের মোমেনবাগ কবরস্থানে তাকে দাফন করা হয়।
ছোট ছেলের মৃত্যুর খবর জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কবীর। তিনি বলেন, এক ছেলেকে দাফন করে ফিরেছেন, অন্য সন্তানকেও হারানোর চিন্তা সহ্য করতে পারছিলেন না। শেষ পর্যন্ত তাকেও হারাতে হলো। এখন দুই সন্তানকে ছাড়া কী নিয়ে থাকবেন, বুঝতে পারছেন না তিনি।
কবীরের এই দুঃসহ লড়াই শুরু হয় প্রায় ১৮ থেকে ২০ দিন আগে। বড় ছেলে আরাফাতের জ্বর, বমি ও কাশি দেখা দিলে প্রথমে তাকে সাউদার্ন হাসপাতালে ভর্তি করেন। সেখানে চার দিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে নেওয়া হয় মেরিন সিটি হাসপাতালে। সেখানে দুই দিন আইসিইউতে চিকিৎসা চলে। পরে ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হলে আরও চার দিন আইসিইউতে থাকতে হয় শিশুটিকে।
অবস্থার উন্নতি না হওয়ায় গত ২ নভেম্বর আরাফাতকে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৬ নভেম্বর তার মৃত্যু হয়।
একই সময়ে ছোট ছেলে আবু বক্করের চিকিৎসা নিয়েও শুরু হয় দৌড়ঝাঁপ। তিনটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা শেষে তাকেও চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে নেওয়া হয়। গত শনিবার সকালে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি শিশুটিকে।
দুই সন্তানের চিকিৎসায় আড়াই থেকে তিন লাখ টাকার বেশি খরচ হয়েছে বলে জানান কবীর। তিনি বলেন, নিজের জমানো টাকা শেষ করে আত্মীয়স্বজনের কাছ থেকে ধার করেছেন। চিকিৎসার খরচ চালাতে সহকর্মীদের কাছ থেকেও আর্থিক সহায়তা নিতে হয়েছে।
চট্টগ্রাম নগরের হিলভিউ এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী আমেনা বেগমকে নিয়ে থাকেন কবীর। একটি বেসরকারি প্রতিষ্ঠানে পণ্য খালাসের কাজ করেন তিনি। বড় ছেলে আরাফাত ছিল পাঁচলাইশের হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। দুই ছেলেকে ঘিরেই ছিল কবীর ও আমেনার সব স্বপ্ন। কয়েক দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে এখন নিঃসন্তান এই দম্পতি।
চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রের (পিআইসিইউ) প্রধান ও শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দিদারুল আলম জানান, দুই শিশুকেই হাসপাতালে আনা হয়েছিল অত্যন্ত সংকটজনক অবস্থায়। আবু বক্কর ডেঙ্গু ও হামের উপসর্গজনিত জটিলতায় ভুগছিল। একই সঙ্গে ডেঙ্গু ও হামে আক্রান্ত হলে শিশুর শরীরের একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যকারিতা ব্যাহত হতে পারে। আবু বক্করের ক্ষেত্রেও এমন জটিলতা দেখা দিয়েছিল।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২১ নারী ও ১১ শিশু। এর মধ্যে অক্টোবরে ১৫ জন এবং সেপ্টেম্বরে ১৬ জন মারা গেছেন।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নগরীতে ৩৫ জন এবং বিভিন্ন উপজেলায় ১৫ জন। হাম পরীক্ষায় পজিটিভ হওয়ার পর আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম