বগুড়ার শাজাহানপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার চার দিন পর মারা গেছেন খোরশেদ আলম (৩৮)। গত ৫ নভেম্বর বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি। মাথা, বুক ও পেটে ধারালো অস্ত্রের আঘাত নিয়ে প্রথমে বগুড়া এবং পরে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত খোরশেদ আলম শাজাহানপুর উপজেলার মাদলা পূর্বপাড়া এলাকার আনসার আলীর ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফুপাতো ভাই শাজাহান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর বেলা ১১টার দিকে মাদলা হাট থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন খোরশেদ। পথে কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করেন। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, বুক ও পেটে এলোপাতাড়ি কোপানো হয়। এ সময় তার কাছে থাকা নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
নিহতের ফুপাতো ভাই শাজাহান বলেন, জমিজমা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনায় আদালতে মামলাও চলমান রয়েছে। ওই বিরোধের জের ধরেই খোরশেদের ওপর হামলা চালানো হয়েছে বলে তাদের অভিযোগ।
ঘটনার দিনই খোরশেদের বাবা আনসার আলী বাদী হয়ে আটজনকে অভিযুক্ত করে শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযুক্তরা হলেন মাহফুজার (৪৬), তার দুই ছেলে জাফর (২৫) ও জাহিদুল (২৪), বেলাল (৭০), তার তিন ছেলে মো. সেহজাদ (৪৫), সুমন (৪০) ও ফজল (৪০) এবং সেহজাদের ছেলে মো. কিমন (২৩)। তাদের সবার বাড়ি উপজেলার মাদলা দক্ষিণপাড়া ও পূর্বপাড়া এলাকায়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, এ ঘটনায় নিহতের বাবা লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম