উপকার প্রাপ্ত হয়ে উপকার অস্বীকার
লেখক: মোঃ মাহাবুবুর রহমান
তারিখ: ৯ নভেম্বর ২০২৬ | গাজীপুর
মানুষ যখন বিপদে বা অসুবিধায় পড়ে, তখন আশেপাশের ভালো মানুষের সান্নিধ্য লাভের চেষ্টা করে এবং তাদের কাছ থেকে উপকার ভোগ করে। উপকার প্রাপ্তির পূর্বে তার আচরণ থাকে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও আবেদনময়। মনে হয় সে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ।
যার উপকার করার সামর্থ্য আছে, তিনি উপকার করা শুরু করেন। কিন্তু উপকার প্রাপ্ত হয়ে গেলেই তার আচরণ আর আগের মতো থাকে না। তখন যে উপকার করল, সে হয়ে যায় পৃথিবীর সবচেয়ে বোকা ও গর্দভ ব্যক্তি। আর যে উপকার পেল, সে হয়ে যায় সমাজের সবচেয়ে ভদ্র ও গুরুত্বপূর্ণ ব্যক্তি।
এখন উপকারপ্রাপ্ত ব্যক্তি উপকারী ব্যক্তিকে আর চেনে না। বরং বিভিন্ন জায়গায় উপকারী ব্যক্তির বদনাম রটাতে শুরু করে। উপকার করতে গিয়ে উপকারী ব্যক্তির আর্থিক অবস্থা এত খারাপ হয়ে যায় যে, তিন বেলা খাওয়ার সামর্থ্যও তার থাকে না।
উপকারী ব্যক্তি যখন তার প্রদত্ত সম্পদ ফেরত চায়, তখন উপকারপ্রাপ্ত ব্যক্তির তা ফেরত দেওয়ার কোনো ইচ্ছা থাকে না। সে তখন সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সাথে লিয়াজোঁ শুরু করে। তাদের বাসায় বেড়ানো, সামাজিক অনুষ্ঠানে যাওয়া - সবকিছুতে প্রভাবশালীদের আপন হয়ে যায়।
তার দৃষ্টিতে উপকারী ব্যক্তি এখন সবচেয়ে খারাপ মানুষ। উপকারী ব্যক্তির মূল্য তার কাছে একটি গরু বা ছাগলের সমানও নয়। সম্পদ ফেরত না দিয়ে সে সৃষ্টিকর্তা প্রাপ্তির ভান করে। ধর্মীয় পোশাক পরে, ধর্মীয় বই হাতে নিয়ে উপাসনালয়ে যাওয়া-আসার অভিনয় করে।
কিন্তু সৃষ্টিকর্তা তো এরকম খারাপ কাজ করতে বলেননি। তাহলে সে কোন সৃষ্টিকর্তাকে পেল? সে আসলে ভানের সৃষ্টিকর্তা বানিয়ে নিয়েছে।
অন্যদিকে উপকারী ব্যক্তি সৃষ্টিকর্তার কাছে কাঁদে আর বলে, "হে সৃষ্টিকর্তা, কেন এই স্বার্থপর পৃথিবীতে পাঠালে? তোমার কাছেই তো রাখতে পারতে।"
এখন তার একটাই ইচ্ছা - এই নর্দমা-সম মানুষগুলোর কাছ থেকে বিদায় নিয়ে সৃষ্টিকর্তার কাছে চলে যাওয়া।
এই স্বার্থপর লোভী ব্যক্তি কখনোই ঈমানদার বা আমলদার নয়। সে পার্থিব সম্পদ দিয়ে নিজেকে ও পরিবারকে সচ্ছল করার কৌশল করেছে মাত্র। তার স্থান কখনো জান্নাতে হতে পারে না। আর উপকারী ব্যক্তি ভুল করে দুনিয়াতে এসেছিল। সে আঘাত পেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে সৃষ্টিকর্তার কাছে, জান্নাতে চলে যাবে।
শিক্ষা: আসুন, আমরা উপকারী হই, উপকার স্বীকার করি এবং ভালো কাজের মাধ্যমে প্রকৃত সৃষ্টিকর্তাকে লাভ করি।