জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’তে নগরবাউল জেমসের ‘আমার সোনার বাংলা’ গান পরিবেশন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, গত ১৫ বছর সংগীতশিল্পী জেমসকে গানটি পরিবেশনের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বাদ দিতে বাধ্য করত ছাত্রলীগ।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে কেন্দ্রীয় ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রাকিব বলেন, এবারের কনসার্টে গানটি পরিবেশনের সময় শেখ মুজিবুর রহমানের অংশ বাদ দিতে জেমসকে বাধ্য করা হয়নি। কারণ, শেখ মুজিবের যেটুকু অবদান রয়েছে, সেটুকু তারা কখনো অস্বীকার করেন না।
তিনি আরও বলেন, গত ১৫ বছর ৭ নভেম্বর উদ্যাপন করতে পারেননি। তবে এবার পুরো জাতিকে স্বতঃস্ফূর্তভাবে ঐতিহাসিক দিনটি উদ্যাপন করতে দেখা গেছে।
রাকিব বলেন, ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল।
উল্লেখ্য, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয় ‘কনসার্ট ফর সলিডারিটি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত এ কনসার্টে নগরবাউল জেমস তার জনপ্রিয় ‘আমার সোনার বাংলা’ গানটি পরিবেশন করেন।
গানটির লিরিকসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম