বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবু রেজা খান (৫৭) ও চাঁপাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আবু রেজা খান উপজেলা সদরের ডহরপুর গ্রামের মৃত মোজাম্মেল হোসেন খানের ছেলে। অপরদিকে শামীম হোসেন চাঁপাপুর ইউনিয়নের পালনকুড়ি গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, চলতি বছরের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি হিসেবে আদমদীঘির তালশন কালীবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানের পেছনে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী জড়ো হন। নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে তারা বিভিন্ন এলাকায় নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, মহাসড়কে চলাচলরত যানবাহন ভাঙচুর, সড়কের ক্ষতিসাধন এবং সরকারি স্থাপনা বিনষ্ট করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে পুলিশের অভিযোগ।
গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানকে ১৫ ফুট দীর্ঘ একটি ব্যানারসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
আদমদীঘি থানার ওসি জামিরুল ইসলাম বলেন, সোমবার দুপুরে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম