জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িতদের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় হাবিব নামে একজনকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। তবে পুলিশ জানিয়েছে, হামলাকারীদের পরিচয় নিশ্চিত হতে অধিকতর তদন্ত চলছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টের গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক নারীকে সঙ্গে নিয়ে অটোরিকশায় যাচ্ছিলেন হাসিব আল ইসলাম। পরে জানা যায়, ওই নারী তার স্ত্রী। পথে কয়েকজন অটোরিকশাটির গতিরোধ করে তার ওপর হামলা চালায়। এ সময় দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান হাসিব। ভিডিওতে হামলাকারীদের একজনের হাতে ধারালো অস্ত্রও দেখা গেছে।
হামলার পর হাবিব নামে একজনকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন এনসিপির নেতাকর্মীরা। তবে পুলিশের পক্ষ থেকে এখনও তার সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করা হয়নি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তারাও হামলার বিষয়টি জেনেছেন। তবে কে বা কারা হামলা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, হামলার শিকার হাসিব আল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
রিসোর্ট সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবার তার চেকআউটের কথা ছিল। তবে এর আগেই সকালে হামলার ঘটনা ঘটে।
রিসোর্টের ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামী-স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে রিসোর্টে উঠেছিলেন হাসিব। তারা রিসোর্টের ১১৮ নম্বর কক্ষের অগ্নিবীণায় অবস্থান করছিলেন। হামলার পর থেকে আত্মরক্ষার জন্য তিনি আত্মগোপনে রয়েছেন।
জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসানও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে হাসিব আহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।
হামলার নিন্দা জানিয়ে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপি সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম