জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলা, ফরিদপুরে বাসের ভেতর ঘুমন্ত চালককে পুড়িয়ে হত্যা এবং দেশজুড়ে নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে রাজধানীতে মশাল ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক শক্তির নেতারা অভিযোগ করেন, জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা স্বাধীন বাংলাদেশে চরম নৈরাজ্যের বহিঃপ্রকাশ।
তারা আরও অভিযোগ করেন, ফরিদপুরে বাসের ভেতর ঘুমন্ত বাসচালককে আগুনে পুড়িয়ে হত্যার মতো জঘন্য অপরাধের মধ্য দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশে আবারও ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে।
নেতারা বলেন, দেশে শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় তারা এসব অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং কঠোর শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানান।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম