জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে গুপ্ত হামলা চালিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে নাহিদ ইসলাম বলেন, ফরিদপুরে বাসে আগুন দিয়ে ভেতরে ঘুমিয়ে থাকা নিরীহ চালককে হত্যা করেছে ফ্যাসিস্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে আওয়ামী লীগের সন্ত্রাসীদের ছোড়া ককটেলে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সরকারের দুর্বলতার কারণে আবারও সাধারণ মানুষ আওয়ামী লীগের সন্ত্রাসীদের বর্বরতার শিকার হচ্ছেন।
তিনি অভিযোগ করেন, খুনের নেশায় উন্মত্ত এই সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতির পরও সরকার নির্বিকার রয়েছে। নিষিদ্ধ গোষ্ঠীটির কর্মকাণ্ড ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়।
নাহিদ আরও বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকেই গণহত্যার বিচার নিয়ে সরকার সর্বোচ্চ উদাসীনতার পরিচয় দিচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসী ও জুলাইয়ের চিহ্নিত খুনিদের একের পর এক জামিন দেওয়া হয়েছে।
ভারতের বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা গ্রহণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে তিনি বলেন, সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার পরও ভারতের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জুলাইয়ের গণহত্যাকারী এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণেও সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি। বরং ভারতের মাটি ব্যবহার করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে।
পোস্টের শেষাংশে নাহিদ ইসলাম বলেন, কোনো সন্ত্রাসী অপশক্তির কাছে বাংলাদেশের মানুষ পরাজিত হবে না। অবিলম্বে সারা দেশের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম