শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি। চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে দীর্ঘ ছুটি পেতে যাচ্ছেন দেশের শিক্ষক-শিক্ষার্থীরা। তবে প্রতিষ্ঠানভেদে ছুটির মেয়াদে রয়েছে পার্থক্য। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিন, মাদ্রাসায় ১৫ দিন এবং কলেজে সর্বোচ্চ ১৮ দিন ছুটি থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি শুরু হবে ২০ ডিসেম্বর থেকে। এ দুই স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন। এ সময়ের মধ্যে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিও রয়েছে।
অন্যদিকে, কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ছুটির পরিধি আরও বড়। মাউশির ছুটির তালিকা অনুযায়ী, সরকারি ও বেসরকারি কলেজে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ছুটি রয়েছে। ছুটি শেষে ১ ও ২ জানুয়ারি শুক্র ও শনিবার হওয়ায় সব মিলিয়ে কলেজগুলোতে টানা ১৮ দিনের ছুটি মিলবে।
মাদ্রাসায় শীতকালীন অবকাশ শুরু হবে আরও আগে। সরকারি ও বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এসব প্রতিষ্ঠানে মোট ১৫ দিন ছুটি থাকবে।
এদিকে, ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটিও রাখা হয়েছে। কোনো প্রতিষ্ঠানপ্রধান চাইলে এ ছুটি শীতকালীন অবকাশের সঙ্গে সমন্বয় করতে পারেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়ে আরও দুই দিন বেশি ছুটি পেতে পারেন।
২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৭০ দিন
এদিকে, ২০২৭ শিক্ষাবর্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য ছুটির তালিকার খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত তালিকা অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষে মোট ৭০ দিন ছুটি থাকতে পারে।
খসড়া প্রস্তাবে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ২৪ দিন, ঈদুল আজহায় ১০ দিন এবং শীতকালীন অবকাশে ১১ দিন ছুটির কথা বলা হয়েছে। এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে তিন দিন এবং প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত ছুটি হিসেবে আরও দুই দিন রাখার প্রস্তাব রয়েছে।
তবে ২০২৭ শিক্ষাবর্ষের ছুটির তালিকাটি এখনো চূড়ান্ত হয়নি। মন্ত্রণালয়ের অনুমোদনের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম