খুলনা সদরে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে না পেয়ে রাস্তায় তার মায়ের ওপর বিএনপির নেতাকর্মীরা নির্যাতন করছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। এটি ভারতের উত্তর প্রদেশের একটি পুরোনো ঘটনার দৃশ্য।
গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের উত্তর প্রদেশের দেওরিয়া জেলার গৌরী বাজার থানার আওতাধীন বিষ্ণুপুরা প্রথম এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধ নারী ও তার স্বামীর ওপর হামলার ঘটনা ঘটে। আশিস পাণ্ডে নামের এক ব্যক্তি ওই হামলা চালিয়েছিলেন। সেই ঘটনার ভিডিওই বাংলাদেশের ঘটনা দাবি করে প্রচার করা হচ্ছে।
যেভাবে ঘটনার সত্যতা জানা গেল
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ফ্রি প্রেস জার্নাল’-এর ওয়েবসাইটে গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে দেওরিয়ায় বৃদ্ধ দম্পতিকে মারধরের ঘটনার তথ্য পাওয়া যায়। ওই প্রতিবেদনে প্রকাশিত ছবির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জমি নিয়ে বিরোধের জেরে ওই বৃদ্ধ দম্পতিকে রাস্তায় ফেলে মারধর করা হয়। এ ঘটনায় গত বছরের ২৪ ফেব্রুয়ারি অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
ভারতের আরও কয়েকটি সংবাদমাধ্যমেও একই ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেসব প্রতিবেদনেও ঘটনার স্থান ও বিবরণের সঙ্গে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।
অন্যদিকে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করেও খুলনায় বিএনপির বিরুদ্ধে প্রচারিত দাবির পক্ষে কোনো তথ্য গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
অর্থাৎ, ভারতের পুরোনো একটি হামলার ভিডিওকে বাংলাদেশের খুলনার ঘটনা দাবি করে প্রচার করা হচ্ছে। প্রচারিত দাবিটি সঠিক নয়।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম