মো. সজিব | গাজীপুর সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নালিয়াটেকি এলাকায় পারিবারিক বিরোধের জেরে রাকিব পলানের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাকিব পলান, তাঁর বাবা মো. বিল্লালসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন। হামলায় রাকিবের মাথায় গুরুতর জখম হলে চিকিৎসার সময় সেলাই দিতে হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত ১০ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে নালিয়াটেকি এলাকায় এ ঘটনা ঘটে বলে শ্রীপুর মডেল থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে।
অভিযোগকারী মো. রাকিব পলানের দাবি, ইমরান হোসেন সাব্বিরের স্ত্রী শারমিনের সঙ্গে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। এর জের ধরে আরিফসহ কয়েকজন ব্যক্তি তাঁদের বাড়িতে গিয়ে হামলা চালান। অভিযোগকারীর দাবি, আরিফ নিজেকে বিএনপির কর্মী পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করেন এবং হামলায় নেতৃত্ব দেন।
লিখিত অভিযোগে অভিযুক্ত হিসেবে মো. মিতুল (২২), ইমরান হোসেন সাব্বির (৩২), আরিফ (৩৫), ফাতেমা (৪৫) ও সুমনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের সবার বাড়ি শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নালিয়াটেকি এলাকায়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
রাকিব পলানের অভিযোগ, ঘটনার দিন রাত ৯টার দিকে অভিযুক্তরা তাঁদের বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠি দিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে রাকিবের মাথায় ও ডান হাতে আঘাত লাগে। মাথার আঘাতে তাঁকে সেলাই দিতে হয়েছে। তাঁর বাবা মো. বিল্লালসহ পরিবারের অন্য সদস্যরাও আহত হন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এ ছাড়া বসতঘরের একটি স্যুটকেসের ড্রয়ার ভেঙে নগদ ২৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন রাকিব পলান। হামলার সময় পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি তাঁর।
পরে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের চিকিৎসা দেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় রাকিব পলান শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযুক্ত আরিফ, মিতুল, ইমরান হোসেন সাব্বির, ফাতেমা ও সুমনের বক্তব্য পাওয়া যায়নি। আরিফের বিএনপির কর্মী পরিচয় দেওয়ার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দলীয় নেতাদের বক্তব্যও পাওয়া যায়নি। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
এবিষয়ে অভিযোগে উল্লেখিত আরিফ হোসেনে'র মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধু পাওয়া যায় যে কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।