যোগফল প্রতিবেদন ।। অনলাইন
ময়মনসিংহ, ১২ নভেম্বর ২০২৫: দেশের আকাশপথে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরসহ মোট আটটি বিমানবন্দর সচল করার লক্ষ্যে প্রাধিকার তালিকা নির্ধারণ করেছে সরকার। বিভিন্ন দিক বিবেচনায় বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইতোমধ্যে এ প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডসভিত্তিক একটি কোম্পানি। পাশাপাশি ময়মনসিংহের ত্রিশালে বিমানবন্দর নির্মাণের প্রক্রিয়াগত কাজও শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহ জেলায় দিনব্যাপী তিনটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
ত্রিশালে বিমানবন্দর নির্মাণের প্রক্রিয়াগত কাজ শুরু
সকাল ১০টায় ত্রিশাল উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, একটি বিমানবন্দর নির্মাণ করতে সাধারণত ১০ থেকে ১২ বছরের বেশি সময়ের প্রয়োজন হয়। ত্রিশালে বিমানবন্দর নির্মাণের ক্ষেত্রে ইতোমধ্যে প্রক্রিয়াগত কাজ শুরু হয়েছে। তবে বিভিন্ন বিষয় বিবেচনায় বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণই সরকারের প্রথম অগ্রাধিকার।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান
সকাল ১১টায় ময়মনসিংহ নগরীর টাউন হলে আয়োজিত 'আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা ২০২৬'-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ তোমরাই। তোমাদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার গ্রামের টেকসই উন্নয়নে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালু এবং নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা এসব পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।
মন্ত্রী শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
পরে তিনি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলের শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন।
উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করছে সরকার
দুপুর ১টায় ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন অর্থবছরে বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে। প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। আজকের এই চেক বিতরণ অনুষ্ঠান জবাবদিহিতারই একটি দৃষ্টান্ত।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থ পরিহার করে দেশের বৃহত্তর স্বার্থে কাজ করার আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, পতিত সরকারের ফিরে আসা নিয়ে বর্তমানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা গুজব ছড়ানো হচ্ছে। পৃথিবীর ইতিহাসে পতিত স্বৈরাচারের ফিরে আসার নজির নেই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিদিন ১৪ থেকে ১৬ ঘণ্টা পরিশ্রম করছেন। তাঁর নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দিনব্যাপী এসব অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।