মো. মাহাবুবুর রহমান | নিজস্ব প্রতিবেদক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে কোনো সিসি ক্যামেরা না থাকায় গত ১১ নভেম্বর দুপুরে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত একই পরিবারের তিনজনের ঘাতক গাড়ি ও চালক এখনো শনাক্ত করা যায়নি।
নিহতরা হলেন গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ি এলাকার নজরুল হোসেন মোফাজ্জলের ছেলে দন্ত চিকিৎসক ডাঃ মামুন হোসেন আশরাফুল (৩০), তাঁর স্ত্রী শিশু আক্তার ওরফে শিমু আক্তার এবং তাঁদের ৮ বছর বয়সী ছেলে আরাফাত হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে তারা মোটরসাইকেলে কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের মির্জাপুরে বেড়াতে যাচ্ছিলেন। সফিপুর ফ্লাইওভারে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত দ্রুতগামী গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নাওজোর হাইওয়ে থানার ওসি মোঃ মঞ্জুর মোরশেদ জানান, ঘাতক গাড়ি শনাক্তে তদন্ত চলছে, তবে ফ্লাইওভারের ওপরে কোনো ক্যামেরা না থাকায় শনাক্তকরণে বেগ পেতে হচ্ছে। আশপাশের ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।
স্থানীয়দের অভিযোগ, সফিপুরসহ গাজীপুরের বেশিরভাগ ফ্লাইওভারেই সিসি ক্যামেরা নেই এবং রাতের বেলায় পর্যাপ্ত সড়কবাতির ব্যবস্থা নেই। ফলে দুর্ঘটনার পর প্রমাণ পাওয়া যায় না এবং রাতে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
এলাকাবাসী অবিলম্বে সকল ফ্লাইওভারে সিসি ক্যামেরা ও পর্যাপ্ত সড়কবাতি স্থাপনের দাবি জানিয়েছেন।