ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন্ন সিনেটে নিবন্ধিত গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন ঘিরে বিএনপির গঠিত কমিটিতে স্থান পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য। তারা হলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজ্জাদেদী আলফেসানী। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে থাকা দুই শিক্ষকের রাজনৈতিক দলের নির্বাচনসংশ্লিষ্ট কমিটিতে যুক্ত হওয়ায় তাঁদের নিরপেক্ষতা ও স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্ন উঠেছে।
গত ৩ সেপ্টেম্বর বিএনপি গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনসংক্রান্ত কার্যক্রম সমন্বয় এবং দল-সমর্থিত প্যানেল জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচন কার্যক্রম পর্যালোচনার জন্য এ কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। কমিটির তালিকায় দুই উপ-উপাচার্যের বিশ্ববিদ্যালয়ের বর্তমান পদবিও উল্লেখ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে নিবন্ধিত গ্র্যাজুয়েটদের মধ্য থেকে ২৫ জন প্রতিনিধি নির্বাচিত হন। বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ২০(১)(জে) ধারা এবং প্রথম সংবিধির ৪৬(১) বিধি অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৩০ জুন থেকে নির্বাচনের জন্য গ্র্যাজুয়েট নিবন্ধন কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কয়েক দফায় সময় বাড়ানোর পর সর্বশেষ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে থাকা দুই উপ-উপাচার্যের রাজনৈতিক দলের নির্বাচনসংশ্লিষ্ট কমিটিতে যুক্ত হওয়াকে স্বার্থের সংঘাতের সম্ভাবনা হিসেবে দেখছেন কয়েকজন শিক্ষক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী বলেন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের এ ধরনের সম্পৃক্ততা স্বার্থের সংঘাত তৈরি করতে পারে বলে মনে হতে পারে। তাঁদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিরপেক্ষতা বজায় রাখা এবং নির্বাচনপ্রক্রিয়ায় কোনো ধরনের পক্ষপাত যেন না থাকে, তা নিশ্চিত করা।
তবে বিএনপির কমিটিতে নিজের সম্পৃক্ততার বিষয়ে প্রশাসন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজ্জাদেদী আলফেসানী বলেন, তিনি নির্বাচন পরিচালনার দায়িত্বে নন; বরং উপদেষ্টা হিসেবে কমিটিতে রয়েছেন। ২০১৭ সালের নিবন্ধিত গ্র্যাজুয়েট নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা থাকায় দল তাঁকে পরামর্শ দেওয়ার জন্য যুক্ত করেছে।
স্বার্থের সংঘাতের অভিযোগ নাকচ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষকরা রাজনৈতিক দলকে পরামর্শ দিতে পারেন। দুটি দায়িত্বই যথাযথভাবে পালন করা সম্ভব।
অন্যদিকে, শিক্ষা উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালামও বিশ্ববিদ্যালয়ের পদ এবং বিএনপির কমিটিতে সদস্য হিসেবে থাকার মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থান দেখছেন না। তাঁর মতে, প্রত্যেকেরই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করা উচিত।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, রাজনৈতিক দল তাদের কমিটিতে কাকে রাখবে, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তিনি উপাচার্য হিসেবে নিজের দায়িত্ব পালনে ব্যস্ত রয়েছেন এবং অন্যান্য কর্মকাণ্ডের জন্য তাঁর খুব বেশি সময় নেই।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম