কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পরিষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে দলের সব জেলা, মহানগর, থানা ও উপজেলা ইউনিটকে নিজ নিজ এলাকায় সমাবেশ ও মিছিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
দলের সদস্য সম্পাদক আখতার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
এর আগে বুধবার (১১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগাঁও গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নুসরাতের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে টিনের চালার বাড়িটির পাঁচটি ঘর পুড়ে যায়। এ সময় তার বাবা-মা ও পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হন।
ঘটনার পর ঢাকা থেকে নিজ বাড়িতে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন নুসরাত। ফুটেজের বরাত দিয়ে তিনি জানান, এক ব্যক্তি বাড়ির পেছন দিক থেকে আগুন লাগানোর জন্য চার দফায় চেষ্টা চালিয়েছিলেন।
এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত নন বলে নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন নুসরাত তাবাসসুম।
অন্যদিকে, অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আগুন লাগার প্রকৃত কারণও নিশ্চিত হওয়া যায়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানিয়েছেন, নুসরাতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, পূর্বশত্রুতার জেরে পেট্রোল বা এ ধরনের কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। তিনি নিশ্চিত করেছেন, বাড়ির গবাদিপশু রাখার একটি শেডে আগুন লেগেছিল।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম