বিল্লাল হোসেন | নাটোর জেলা সংবাদদাতা
, নাটোরের সিংড়ায় অবৈধ জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় জুয়া খেলার সামগ্রী, জুয়ার মোবাইল অ্যাপসহ দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ দেড় লাখ টাকা জব্দ করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) রাত ১১টা ৫ মিনিটের দিকে সিংড়া থানাধীন জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটের নিচতলার বারান্দায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ বেল্লাল হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত্রীকালীন টহল ডিউটি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটের নিচতলার বারান্দায় কয়েকজন ব্যক্তি টাকার বিনিময়ে জুয়ার আসর বসিয়ে খেলছেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা ৬ থেকে ৭ জন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিংড়া উপজেলার বামিহাল গ্রামের মৃত মহির উদ্দিন মাস্টারের ছেলে মোঃ নাজিম উদ্দিন (৪২) এবং নয়া রাতাল কয়াকাস গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে মোঃ মিলন হোসেন (৩৫)।
অভিযানকালে তাঁদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী, জুয়ার অ্যাপ সংবলিত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর অধীনে সিংড়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁদের আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশের এ ধরনের অভিযান অবৈধ জুয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।