প্রশাসন ও পুলিশে অবস্থানরত ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় আত্মগোপন করে কেউ বিএনপি সেজে, আবার কেউ বিএনপির মন্ত্রী-এমপিদের আত্মীয় পরিচয়ে এখনো স্বপদে বহাল রয়েছেন। তারা নানা ষড়যন্ত্রে জড়িত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘গুপ্ত ফ্যাসিস্টমুক্ত প্রশাসন ও সারাদেশে সার সংকট সৃষ্টিকারী ফ্যাসিস্টমুক্ত সার সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার’ দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ফ্যাসিস্ট হটাও দেশ বাঁচাও পরিষদ’ এ সমাবেশের আয়োজন করে।
হুইপ দুলু বলেন, প্রশাসন ও পুলিশে থাকা আওয়ামী লীগের দোসরদের চিহ্নিত করা অত্যন্ত জরুরি। তাদের চাকরিচ্যুত করে গ্রেপ্তার এবং কারাগারে পাঠাতে হবে।
তিনি আরও বলেন, পৃথিবীর ইতিহাসে পরাজিত কোনো ফ্যাসিস্ট বা স্বৈরশাসক আবার ক্ষমতায় ফিরতে পারেনি। জার্মানির হিটলার ও তার দলও দেশটির রাজনীতিতে আর ফিরে আসতে পারেনি। বাংলাদেশের ২০ কোটি মানুষ যাদের প্রত্যাখ্যান করেছে এবং ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, তাদের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
স্বৈরাচার এরশাদের শাসনামলের প্রসঙ্গ টেনে রুহুল কুদ্দুস তালুকদার বলেন, এরশাদ নয় বছর ক্ষমতায় থাকলেও পরবর্তী সময়ে তিনি বা তার দল আর ক্ষমতায় আসতে পারেননি। জনগণের আন্দোলনে যারা ক্ষমতাচ্যুত হয়েছেন, তাদের আর ক্ষমতায় ফেরার সুযোগ নেই। ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াত, এনসিপিসহ দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে বলেও দাবি করেন তিনি।
নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে হুইপ বলেন, কেউ যদি মনে করে হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কিংবা পল্টন মোড়ে বাসে আগুন দিয়ে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা যাবে, তাহলে তারা ভুল করছে। জনগণ ভোট দিয়ে বিএনপিকে পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিএনপির পরিবর্তে অন্য কোনো দল ক্ষমতায় আসতে পারে, কিন্তু ফ্যাসিস্টদের ফিরে আসার সুযোগ নেই।
বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতা ও শ্রমিকদের রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র ফিরে এসেছে। মানুষ কথা বলার স্বাধীনতা পেয়েছে। তাই ফ্যাসিস্টরা যেন আর কোনো সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনা, তার পরিবার ও দলীয় লোকজন দেশের অর্থ লুট করে বিদেশে নিয়ে গেছেন। সেই লুটের টাকা দিয়ে এখন সারাদেশে বোমা বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, এসব ষড়যন্ত্র মোকাবিলায় দলমত নির্বিশেষে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি সরকার মাত্র আট মাস দায়িত্ব পালন করেছে উল্লেখ করে হুইপ বলেন, সরকারের হাতে এখনো চার বছরের বেশি সময় রয়েছে। তাই দেশের সার্বিক পরিবর্তন ও অর্থনীতি পুনর্গঠনে সরকারকে সময় দিতে হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম