জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে বোমা হামলা এবং বাড়ির বড় একটি অংশ পুড়িয়ে দেওয়ার ঘটনা কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি ফ্যাসিবাদী অপশক্তির ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। সংসদ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতেও প্রশাসন ব্যর্থ হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়—এ প্রশ্ন সামনে এসেছে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটলেও ফ্যাসিবাদী মানসিকতা, সন্ত্রাসী নেটওয়ার্ক ও আধিপত্যবাদী অপশক্তি নির্মূলে সরকারের দৃশ্যমান ও কার্যকর উদ্যোগের অভাব উদ্বেগজনক। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভেদ ও অনৈক্যের সুযোগে পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার সাহস পাচ্ছে।
খেলাফত মজলিসের মহাসচিব বলেন, সরকার ফ্যাসিবাদী অপশক্তিকে কার্যকরভাবে মোকাবিলা করতে ব্যর্থ হলে এবং রাজনৈতিক পরিসরে তাদের পুনর্বাসনের সুযোগ তৈরি হলে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না।
তিনি আরও বলেন, হামলার পেছনে বিগত ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের অর্জন নস্যাৎ করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থান বজায় রাখার পাশাপাশি কোনো রাজনৈতিক সমীকরণ বা কৌশলগত সুবিধার কারণে এ ধরনের অপশক্তির প্রতি নমনীয়তা দেখানো যাবে না।
বিবৃতিতে তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তি এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সংসদ সদস্যসহ দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম