জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোলবোমা ব্যবহারের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তে বাড়িটির পুরোনো বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিটের কারণে আগুন লাগার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন তিনি। তবে ঘটনাটি নাশকতা কি না, তা খতিয়ে দেখতে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বুধবার রাত ১২টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে অবস্থিত বাড়িটি টিনশেড আধাপাকা ঘর। বাড়িটি থেকে প্রায় ২০ মিটার দূরে তাঁর বাবা-মা একটি তিনতলা বাড়িতে থাকেন। অগ্নিকাণ্ডের সময় ওই বাড়িতে কেউ বসবাস করতেন না। সেখানে দুটি ছাগলসহ কিছু জিনিসপত্র ছিল।
ঘটনার পর পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি নিজেও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং পুলিশ সুপারকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবির একটি দলও সেখানে যায়।
তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, নাকি দুর্ঘটনাবশত আগুন লেগেছে, তা তদন্তে বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্ত দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
বিজিবির প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, পেট্রোলবোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি। বাড়ির দেয়ালে পেট্রোলবোমার চিহ্ন পাওয়া যায়নি। কোনো প্রত্যক্ষদর্শীর কাছ থেকেও এ ধরনের তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পেট্রোলবোমা ব্যবহারের কোনো প্রমাণ মেলেনি।
অগ্নিকাণ্ডে বাড়িতে থাকা দুটি ছাগল মারা গেছে জানিয়ে তিনি বলেন, সেখানে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড়চোপড় ছিল। ঘটনাস্থল থেকে ছবি, ভিডিওসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাড়িটি পুরোনো হওয়ায় বৈদ্যুতিক সংযোগের তারে দুর্বলতা থাকতে পারে। একটি ছবিতে শর্টসার্কিটের মতো ঘটনার ইঙ্গিত পাওয়া গেছে। তবে সবকিছুই এখনো অনুমাননির্ভর। তদন্ত শেষে পূর্ণাঙ্গ তথ্য জানানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, অধিকতর তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সেটির ভিত্তিতে পুলিশ তদন্ত করছে।
উল্লেখ্য, বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে এনসিপির নেতারা সেখানে পেট্রোলবোমা হামলার অভিযোগ করেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম