জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে তিনি দৌলতপুর থানায় মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্যের বাড়িতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় সংসদ অধিবেশনে অংশ নিতে ঢাকায় অবস্থান করছিলেন নুসরাত তাবাসসুম। বাড়িতে ছিলেন তার বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা।
নুসরাত তাবাসসুম জানান, বাড়িটিতে সাতজন মানুষ বসবাস করেন, যাঁদের মধ্যে একাধিক বৃদ্ধ রয়েছেন। রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েছিলেন। পরে পরপর তিনটি বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে বাড়ির বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখেন তাঁরা।
পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়। এ ছাড়া আগুনে তিনটি ছাগল পুড়ে মারা যায়। এতে আনুমানিক ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পরিকল্পিত হামলার অভিযোগ
নুসরাত তাবাসসুমের অভিযোগ, পরিকল্পিতভাবে বিস্ফোরণ ঘটিয়ে তাঁর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তিনি জানান, ঘটনার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সতর্কতামূলক ও হুমকিস্বরূপ একটি পোস্ট দেন। এর পর রাত ১২টা ১৫ মিনিটের দিকে তাঁর বাড়িতে পরপর বিস্ফোরণের শব্দ হয়।
বিস্ফোরণের ধরন দেখে তাঁর ধারণা, এটি পেট্রোল বোমা হামলা। পুরো ঘটনাকে সুপরিকল্পিত হামলা বলে দাবি করেন তিনি।
এর আগেও কয়েক দিন ধরে অপরিচিত ও স্ক্যাম নম্বর থেকে হুমকি পাচ্ছিলেন এই সংসদ সদস্য। গত ২৮ অক্টোবর রাতে পাওয়া একটি হুমকির কলসহ সার্বিক বিষয় উল্লেখ করে ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তিনি। তবে জিডি করার পরও হুমকি অব্যাহত ছিল বলে জানান নুসরাত তাবাসসুম।
তিনি আরও অভিযোগ করেন, হামলার পর সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
নুসরাত তাবাসসুম বলেন, এ ধরনের হামলা চালিয়ে তাঁকে কিংবা জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত কাউকে দমিয়ে রাখা যাবে না। গত ১৭ বছরে দেশের মানুষ এ ধরনের বহু ঘটনার সাক্ষী হয়েছে, যার পরিণতিতে ২০২৪ সালের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন, নমুনা সংগ্রহ
ঘটনার পর সংসদ সদস্যের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যদের টহল দিতে দেখা যায়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন।
তিনি জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। পরে দুপুর ২টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। প্রাথমিক তদন্তে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সংগৃহীত আলামত পরীক্ষা-নিরীক্ষার পর আগুনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা সম্ভব নয়।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম