ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ২০২৭-২৮ মেয়াদের নির্বাচনে ভোট কারচুপি ও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর রমনায় আইইবি ভবনে ভোট চলাকালে ষষ্ঠ তলার একটি কক্ষে দরজা বন্ধ করে হলুদ প্যানেলের পক্ষে গণহারে ব্যালট পেপারে ভোট দেওয়ার অভিযোগ করেছেন প্রকৌশলীরা। এ ঘটনায় নির্বাচন ঘিরে প্রকৌশলীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী প্রকৌশলীদের অভিযোগ, আইইবি ভবনের ষষ্ঠ তলার একটি কক্ষে দরজা বন্ধ করে হলুদ প্যানেলের পক্ষে ব্যালট পেপারের নির্দিষ্ট স্থানে বৃত্ত ভরাট করছিলেন একদল নেতাকর্মী। খবর পেয়ে পুলিশ, নির্বাচন কমিশনের সদস্য ও কয়েকজন প্রকৌশলী সেখানে উপস্থিত হন। তবে কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তারা।
অভিযোগ রয়েছে, কিছুক্ষণ পর হলুদ প্যানেলের একদল নেতাকর্মী সেখানে এসে উপস্থিত প্রকৌশলীদের সঙ্গে ধাক্কাধাক্কি ও হট্টগোল শুরু করেন। একপর্যায়ে ‘জিয়ার সৈনিকের এক হও’সহ বিভিন্ন স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করা হয়। ধাক্কাধাক্কি করে অভিযোগকারীদের পঞ্চম তলা থেকে সরিয়ে দেওয়া হয়। পরে দ্রুত কক্ষের দরজা খুলে ভেতরে থাকা ব্যক্তিদের সরিয়ে নেওয়া হয়। এ সময় পুলিশের ভূমিকা নীরব ছিল বলেও অভিযোগ করেছেন কয়েকজন প্রকৌশলী।
পরবর্তী সময়ে কক্ষে প্রবেশ করে বিপুলসংখ্যক বৃত্ত ভরাট করা ব্যালট পেপার পড়ে থাকতে দেখেন বলে দাবি করেন তারা। উপস্থিত প্রকৌশলী ও গণমাধ্যমকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, সেখানে আনুমানিক চার হাজার ব্যালট পাওয়া গেছে। অভিযোগকারীদের দাবি, এসব ব্যালটে হলুদ প্যানেলের সমর্থিত প্রার্থীদের পক্ষেই ভোট দেওয়া ছিল। তবে ব্যালটের প্রকৃত সংখ্যা, উৎস এবং কীভাবে সেগুলো ওই কক্ষে পৌঁছেছে, তা যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা।
এদিকে দিনভর ভোট গ্রহণে ব্যালট সংকটের অভিযোগও উঠেছে। প্রকৌশলীদের দাবি, হেডকোয়ার্টার ও ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের ব্যালট অনেক ভোটার পাননি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজনীয় ব্যালট না পেয়ে অনেকে ভোট না দিয়েই ফিরে গেছেন। অথচ ভবনের একটি কক্ষে বিপুলসংখ্যক ব্যালট পাওয়ার অভিযোগ নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
পঞ্চম তলার ওই কক্ষে কীভাবে ব্যালট পৌঁছাল, তা জানতে নির্বাচন কমিশনের কাছে মৌখিকভাবে ব্যাখ্যা চান অভিযোগকারী প্রকৌশলীরা। তবে কমিশনের পক্ষ থেকে সন্তোষজনক জবাব পাওয়া যায়নি বলে অভিযোগ তাদের। উল্টো অভিযোগকারী প্রকৌশলী মেছবাহুল ইসলাম বরাতের ওপর নির্বাচন কমিশনের সদস্য আফজাল হোসেন সবুজ হামলা চালিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রকৌশলীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তাদের মতে, নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠা উদ্বেগজনক।
অন্যদিকে, ভোট গ্রহণের নির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থাকলেও পরে তা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৬টা করা হয়। এ সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন প্রকৌশলী। তাদের অভিযোগ, গঠনতন্ত্র অনুসরণ না করেই ভোটের সময় বাড়ানো হয়েছে। অতিরিক্ত সময়কে কেন্দ্র করে জাল ভোট দেওয়ার সুযোগ তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান (একাডেমিক) পদে ২৭ জন প্রার্থী থাকলেও পরে চাপ প্রয়োগ করে ২৬ জনকে প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করার অভিযোগ উঠেছে। এর ফলে প্রকৌশলী গালিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনাও প্রকৌশলীদের মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
তবে ভোট কারচুপির অভিযোগ অস্বীকার করেছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মো. সেলিম ভূঁইয়া। কালবেলাকে তিনি বলেন, ভোট কারচুপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সব প্রার্থীর এজেন্ট ছিল। এখানে জাল ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না।
পঞ্চম তলায় ব্যালট পেপারে ভোট দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে কেউ তার কাছে অভিযোগ করেননি। এমন কোনো তথ্যও তিনি পাননি।
ভোটের সময় বাড়ানোর বিষয়ে সেলিম ভূঁইয়া বলেন, অনেক ভোটার ভোট দিতে এসেছিলেন এবং বাইরে দীর্ঘ লাইন ছিল। অনেকে নির্ধারিত সময়ের মধ্যে ভবনে প্রবেশ করতে পারেননি। তাদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতেই এক ঘণ্টা সময় বাড়ানো হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম