বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শুক্রবার সকালে শহরটির বায়ুমান সূচক (একিউআই) দাঁড়িয়েছে ১৭৩-এ, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় বিশ্বের ১২৬টি শহরের বায়ুমান পর্যবেক্ষণ করে এ তালিকা প্রকাশ করা হয়।
তালিকায় ৩৪২ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ১৯৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৯২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা।
অন্যদিকে, ১৭১ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। তালিকায় ঢাকার বায়ুমান স্কোর ১৭৩।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০-কে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।
সে হিসাবে ঢাকার ১৭৩ স্কোরের অর্থ, রাজধানীর বাতাস বর্তমানে অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এ ধরনের বায়ুদূষণ বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম