বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, যারা মনে করছেন বোমা-সন্ত্রাস করে শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করবেন, তারা বাংলাদেশের মানুষকে এখনো চিনতে পারেননি। দেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মেহেদী হাসান পলাশ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি। বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক খাইরুল আলম বকুল। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সহসভাপতি মো. কবির হোসেন, সিনিয়র সদস্য ও এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ এবং দপ্তর সম্পাদক রুবেল পারভেজ।
আইনমন্ত্রী বলেন, যারা বোমা হামলা করছেন, তাদের অনেকে ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কারা এবং কীভাবে জড়িত, সে বিষয়ে সরকার তথ্য-উপাত্ত পেয়েছে। সন্ত্রাসের পথ কারা বেছে নিয়েছে, তা-ও মানুষ দেখছে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, মানুষের আস্থার জায়গায় পৌঁছেছে সাংবাদিকতা। কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার না পেলে মানুষ গণমাধ্যমের কাছে আসে। সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
তিনি আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরতে হবে। পাশাপাশি সরকারের ভালো কাজের চিত্র তুলে ধরতে হবে। সরকারের কোনো কর্মকাণ্ডে নেতিবাচক দিক থাকলে সেটিও প্রকাশ করতে হবে। এমনকি সেই সমালোচনা সরকার বা তার নিজের বিরুদ্ধে গেলেও আপত্তি নেই।
আসাদুজ্জামান বলেন, গত প্রায় নয় মাসে বাংলাদেশে সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুমের পথে হাঁটেনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা দায়েরের সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে। আন্তর্জাতিক একটি মানবাধিকার সংস্থার প্রতিনিধির সঙ্গেও এসব বিষয়ে কথা হয়েছে।
মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, তা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সরকারের কোনো ভুল থাকলে সেটিও প্রকাশ করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে সরকার সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক পথে এগোতে চায়। সেই লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন। এ পথে সব অপশক্তির বিরুদ্ধে সরকার মাঠে রয়েছে।
ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক মত, পথ ও আদর্শের পার্থক্য থাকলেও নিজেদের শেকড়ের টানে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। নেতৃত্ব বা কর্তৃত্বের প্রশ্নে কোনো সংগঠনের কর্মসূচিতে প্রতিবন্ধকতা তৈরি করা আত্মঘাতী সিদ্ধান্ত। মতভেদ ভুলে সংগঠনকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
ঢাকায় অবস্থানরত ঝিনাইদহের সাংবাদিকদের বছরে অন্তত এক থেকে দুটি কর্মসূচি নিজ জেলায় আয়োজনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠী উপকৃত হবে। স্থানীয় সাংবাদিক ও নতুন প্রজন্মও অনুপ্রাণিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময়কার ঘটনাবলি নিয়ে বক্তব্য দেন।
তিনি দাবি করেন, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ যখন ডিবি কার্যালয়ে নির্যাতনের শিকার হচ্ছিলেন, তখন হাসনাত ও সারজিস সেখানে বসে জুস পান করছিলেন। এ বিষয়ে তার কাছে প্রমাণ ও রেকর্ড রয়েছে বলেও দাবি করেন তিনি।
রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থান নিয়ে তিনি একটি ইতিহাস লিপিবদ্ধ করেছেন এবং এ বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন। তার দাবি, আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে ঘটনার সত্যতা জানা যাবে।
তিনি আরও বলেন, একাত্তরের ইতিহাস বিকৃতির অভিযোগে শেখ মুজিবুর রহমানকে দোষারোপ করা হলেও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরা হচ্ছে না কেন? নাহিদ ইসলাম সঠিক ইতিহাস তুলে ধরলে হাসনাত ও সারজিসকে গণঅভ্যুত্থানের ‘মীরজাফর’ হিসেবে চিহ্নিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম