দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষিজমি ভরে উঠেছে শীতের আগাম সবজিতে। তবে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ থেকে ফসল রক্ষায় কৃষকদের মধ্যে বাড়ছে রাসায়নিক কীটনাশকের ব্যবহার। কৃষি বিশেষজ্ঞ কিংবা কৃষি অফিসের পরামর্শ ছাড়াই অনুমানের ভিত্তিতে এসব কীটনাশক প্রয়োগ করছেন অনেক কৃষক। এতে মাটির উর্বরতা, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, টমেটো, বেগুন, শিম, ফুলকপি ও বাঁধাকপির ক্ষেত থেকে শুরু করে ধানখেতেও কীটনাশক প্রয়োগের একই চিত্র। শিবনগর ইউনিয়নের বুজরুক সমসেরনগর, পাঠকপাড়া, গোপালপুর ও দুধিপুকুর; দৌলতপুর ইউনিয়নের গোয়ালপাড়া, হরহরিয়া ও পলিপাড়া; আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর; খয়েবাড়ী ইউনিয়নের মহদিপুর, লালপুর ও অম্রবাড়ী এবং পৌর এলাকার উত্তর ও দক্ষিণ কৃষ্ণপুরসহ বিভিন্ন স্থানে কৃষকদের কীটনাশক প্রয়োগ করতে দেখা গেছে।
সংশ্লিষ্টরা জানান, ফসলের জমিতে বালাইনাশক হিসেবে বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশক ছিটানো হচ্ছে। অনেক কৃষক সকালে এক দফা এবং বিকেলে আরেক দফা কীটনাশক প্রয়োগ করছেন। পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষায় তারা এখন অনেকটাই এসব রাসায়নিকের ওপর নির্ভরশীল।
কীটনাশক ব্যবহারের মাত্রা সম্পর্কে জানতে চাইলে অধিকাংশ কৃষক জানান, তারা অনুমানের ভিত্তিতে ও অন্যদের দেখাদেখি এসব ওষুধ প্রয়োগ করেন। সরকারি অনুমোদিত কীটনাশকের তালিকাও অনেকের কাছে নেই। কোন কীটনাশকে কী উপাদান রয়েছে, সে সম্পর্কেও তাদের স্পষ্ট ধারণা নেই।
পাঠকপাড়া গ্রামের সবজি চাষি সামিউল ইসলাম বলেন, কোন কীটনাশক দিলে পোকা মরবে, সেটুকুই তিনি জানেন। অনুমান করে অন্যরা যেভাবে ব্যবহার করেন, তিনিও সেভাবেই প্রয়োগ করেন।
দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের কৃষক মোস্তাফিজার রহমান জানান, আগে বছরে এক-দুবার কীটনাশক ব্যবহার করতেন। ভালো ফলনের আশায় এখন প্রতি সপ্তাহেই প্রয়োগ করছেন। এতে মাটির রংও বদলে যাচ্ছে বলে জানান তিনি।
ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের কৃষিশিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক কৃষিবিদ মো. কামরুজ্জামান মাসুদ বলেন, জৈব বালাইনাশক ব্যবহার, মিশ্র ফসল চাষ, কীটপতঙ্গের প্রাকৃতিক শত্রু সংরক্ষণ এবং কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে কীটনাশকের ব্যবহার কমানো সম্ভব। তার মতে, এ চারটি পদক্ষেপ এখন সবচেয়ে জরুরি।
তিনি আরও বলেন, রাসায়নিক কীটনাশকের সবচেয়ে ভয়ংকর দিক হলো, এটি মাটির জীববৈচিত্র্য ধ্বংস করে। কেঁচো, ছত্রাক ও ব্যাকটেরিয়ার মতো উপকারী জীব মাটির প্রাণ। কীটনাশকের বিষক্রিয়ায় এসব জীব মারা গেলে মাটি তার স্বাভাবিক গঠন ও উর্বরতা হারায়। এতে ফলন কমে এবং জমি ধীরে ধীরে অনুর্বর হয়ে পড়ে। দীর্ঘদিন রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে তা ভূগর্ভস্থ পানিতে মিশে মানুষের শরীরেও প্রবেশ করতে পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সবার স্বার্থে এ প্রশিক্ষণ বাধ্যতামূলক পর্যায়ে নেওয়া প্রয়োজন। কৃষি অফিস থেকে অনুমোদিত কীটনাশকের তালিকাও সরবরাহ করা হচ্ছে। এ তালিকার বাইরে অন্য কোনো কীটনাশক ব্যবহার না করার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, রাসায়নিক কীটনাশক মানুষের শরীরে সরাসরি বিরূপ প্রভাব ফেলতে পারে। সবজির মাধ্যমে এসব বিষাক্ত উপাদান শরীরে প্রবেশ ও জমা হলে কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের ক্ষতি হতে পারে। দীর্ঘ মেয়াদে ক্যানসারের ঝুঁকিও বাড়তে পারে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম