চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে আগামী সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে বাস্তবে সংশ্লিষ্টদের পক্ষ থেকে ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত খরচের কথা বলা হচ্ছে। নির্ধারিত সীমার মধ্যে ব্যয় থাকলে কর্মীদের এত ভোগান্তিতে পড়তে হতো না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এ উদ্যোগের অংশ হিসেবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে প্রাথমিকভাবে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি। এ নিয়োগের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪ হাজার ২৯টি।
স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থী নির্বাচন করা হয়েছে। তাদের মধ্য থেকে দক্ষতা ও যোগ্যতা যাচাই করে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের জন্য আনুষ্ঠানিক চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
বৃহস্পতিবার বোয়েসেল কার্যালয়ে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটির মাধ্যমে সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। চাহিদা পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী বিদেশে কর্মসংস্থান সম্প্রসারণ এবং নিরাপদ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, গত ২ নভেম্বর মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।
পরবর্তী সময়ে ৮ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারি করে দুটি পদে ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।
প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে কর্মী নির্বাচন করা হবে।
বাছাই প্রক্রিয়ায় বোয়েসেল কোনো ধরনের হস্তক্ষেপ করবে না জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, নিয়োগকর্তার মাধ্যমে নির্বাচিত প্রার্থীরাই চূড়ান্তভাবে নিয়োগ পাবেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম