কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য (এমপি) সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে হামলার অভিযোগে তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি এমদাদ হোসেন আখন্দকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এর আগে বিকেলে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামের ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চবিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটে।
বহিষ্কারের চিঠিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার বিকেল ৪টায় সংসদ সদস্য সেলিম ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাদের উপস্থিতিতে আয়োজিত জনসভায় লাঠিসোঁটা নিয়ে হামলা চালান এমদাদ হোসেন আখন্দ। সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে উপজেলা বিএনপির সহসভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। চিঠিতে তাকে ফ্যাসিস্ট সরকারের দোসর বলেও উল্লেখ করা হয়।
জানা গেছে, তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আসন্ন স্থানীয় নির্বাচনে জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. জামাল প্রধান সংসদ সদস্য সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেন। অনুষ্ঠানে যাওয়ার আগে এমপি ও দলীয় নেতাকর্মীরা জামাল প্রধানের বাড়িতে খাবার খান। পরে অনুষ্ঠানস্থলে গেলে উপজেলা বিএনপির সহসভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ তার লোকজন নিয়ে সেখানে প্রবেশের চেষ্টা করেন। এ সময় জামাল প্রধানের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে প্রথমে চেয়ার ছোড়াছুড়ি এবং পরে সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংসদ সদস্য সেলিম ভূঁইয়া মঞ্চ ছেড়ে বিদ্যালয়ের ভেতরে নিরাপদ স্থানে আশ্রয় নেন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে জামাল প্রধানও রয়েছেন। সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তিতাসসহ আশপাশের উপজেলায় বিষয়টি আলোচনায় আসে।
এ বিষয়ে বক্তব্য জানতে এমদাদ হোসেন আখন্দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার ছোট ভাই ও তিতাস উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইমুন আখন্দ অভিযোগ করেন, মঞ্চে এমপি আসার পর তারা জনসভায় অংশ নিতে গেলে জামাল প্রধানের লোকজন বাধা দেন এবং মারধর শুরু করেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তাদের পক্ষের সাতজন আহত হয়েছেন। তারা দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গৌরীপুর শাখায় চিকিৎসাধীন রয়েছেন।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম বলেন, গোপালপুর গ্রামের জনসভায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়ার উপস্থিতিতে এমদাদ চেয়ারম্যান যে ঘটনা ঘটিয়েছেন, তা দুঃখজনক। দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে তাৎক্ষণিক সাংগঠনিক সিদ্ধান্তে তাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম