সন্তান লাভ স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনের অন্যতম আকাঙ্ক্ষা। তবে সন্তান হওয়া বা না হওয়া সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা ও ফয়সালার বিষয়। শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও অনেক দম্পতি সন্তান লাভ থেকে বঞ্চিত হন। এ অবস্থায় শুধু সন্তান না হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেওয়া কিংবা দাম্পত্য সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত কতটা শরিয়তসম্মত, তা নিয়ে ইসলামে স্পষ্ট নির্দেশনা রয়েছে।
ইসলামিক মাসআলা-মাসাইলবিষয়ক ওয়েব পোর্টাল মুসলিম বাংলায় প্রকাশিত এক প্রশ্নের উত্তরে মুফতি সাইদুজ্জামান কাসেমি বলেন, সন্তান হওয়া বা না হওয়া একান্তই আল্লাহ তাআলার ইচ্ছাধীন। শারীরিক সক্ষমতা থাকার পরও কোনো নারী সন্তান ধারণে সক্ষম না হলে কিংবা কোনো পুরুষের কোনো অক্ষমতা না থাকা সত্ত্বেও সন্তান জন্মদানে সক্ষম না হলে, এতে তাদের কোনো হাত নেই। এটি সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছার বিষয়।
এ প্রসঙ্গে পবিত্র কোরআনের সুরা আশ-শুরার ৪৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব আল্লাহরই। তিনি যা চান সৃষ্টি করেন। যাকে চান কন্যাসন্তান দান করেন এবং যাকে চান পুত্রসন্তান দান করেন। অথবা তাদের পুত্র ও কন্যা উভয়ই দান করেন। আর যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান।’
মুফতি সাইদুজ্জামান কাসেমি বলেন, বাহ্যিক ও চারিত্রিক কোনো সমস্যা না থাকা সত্ত্বেও শুধু স্ত্রী সন্তান জন্ম দিতে পারছেন না—এ অজুহাতে তাকে তালাক দেওয়া জায়েজ হবে না। তাই এ ধরনের সিদ্ধান্ত থেকে বিরত থাকা আবশ্যক।
ফিকহের প্রসিদ্ধ গ্রন্থ ‘রদ্দুল মুহতারে’ বলা হয়েছে, তালাকের মূল বিধান হলো নিষিদ্ধতা। অর্থাৎ, শরিয়তসম্মত কোনো কারণ বা পরিস্থিতি তৈরি না হলে তালাক দেওয়া নিষিদ্ধ। প্রয়োজনের কারণে স্বামী-স্ত্রীর বিচ্ছেদের মাধ্যমে মুক্তির পথ তৈরি করার জন্য তালাককে বৈধ করা হয়েছে।
গ্রন্থটিতে আরও উল্লেখ করা হয়েছে, কোনো কারণ ছাড়াই তালাক দেওয়া হলে সেখানে বিচ্ছেদের মাধ্যমে মুক্তির প্রয়োজন থাকে না। বরং তা নির্বুদ্ধিতা, অপরিণামদর্শিতা, আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা এবং স্ত্রী ও তার পরিবারকে কষ্ট দেওয়ার শামিল।
এ কারণে ফকিহগণ বলেছেন, স্বামী-স্ত্রীর স্বভাব ও মনোভাবের অমিল এবং পারস্পরিক বিদ্বেষের কারণে এমন পরিস্থিতি তৈরি হলে, যেখানে আল্লাহ তাআলার নির্ধারিত বিধান ও অধিকার যথাযথভাবে পালন করা সম্ভব হয় না, তখন তালাকের প্রয়োজন দেখা দিতে পারে।
তালাকের প্রয়োজনীয়তা শুধু স্ত্রীর বার্ধক্য কিংবা তার চরিত্র নিয়ে সন্দেহের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং শরিয়তসম্মত বিচ্ছেদের প্রয়োজনীয়তা আরও ব্যাপক। ‘ফাতহুল কাদির’ গ্রন্থেও এ মত গ্রহণ করা হয়েছে। সুতরাং, শরিয়তসম্মত কোনো বৈধ প্রয়োজন ছাড়া তালাক দেওয়া হলে তা নিষিদ্ধতার মূল বিধানের ওপরই বহাল থাকবে। (রদ্দুল মুহতার: ৩/২২৮)
এ প্রসঙ্গে পবিত্র কোরআনের সুরা আন-নিসার ৩৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘অতঃপর তারা যদি তোমাদের অনুগত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের জন্য অজুহাত খুঁজো না।’
অর্থাৎ, স্ত্রীর বিরুদ্ধে অযথা অভিযোগ বা অজুহাত খুঁজে তাকে বিচ্ছেদের দিকে ঠেলে দেওয়া উচিত নয়। হাদিসেও এসেছে, ‘হালাল বিষয়গুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হলো তালাক।’
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম