রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। এ সময় তাদের কাছ থেকে দুটি সামুরাই ও ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে মোহাম্মদপুর থানাধীন ৪০ ফিট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলামিন, আসলাম ও জুলহাস। তাদের মধ্যে আলামিনকে ছিনতাইকারী দলের নেতা বলে জানিয়েছে এসআরবি-২।
বেলা ১১টার দিকে এসআরবি-২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানির (সিপিএসসি) কমান্ডার হাসান মোহতারিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তার তিনজন দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত। পাশাপাশি তারা ছিনতাইকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছিলেন। মোহাম্মদপুর ও আদাবর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ছিনতাইকারী ও কিশোর গ্যাং বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে এসআরবি-২।
ছিনতাইকারী চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনতে পরিচালিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের ক্রিমিনাল রেকর্ড (পিসিপিআর) যাচাই করে দেখা গেছে, আলামিনের বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির চেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট তিনটি মামলা রয়েছে। অন্যদিকে আসলামের বিরুদ্ধে দস্যুতার চেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম